জবি শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় আফজাল নাছের আবারো রিমান্ডে

গত ৫ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদ এ মামলায় তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ৮ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন তার আবারো তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

নয়া দিগন্ত অনলাইন
সেনাবাহিনী থেকে বরখাস্তকৃত লেফটেন্যান্ট কর্নেল মো: আফজাল নাছের
সেনাবাহিনী থেকে বরখাস্তকৃত লেফটেন্যান্ট কর্নেল মো: আফজাল নাছের |সংগৃহীত

চব্বিশের জুলাই আন্দোলনে রাজধানীর কোতোয়ালি থানা এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী অনিক কুমার দাসকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় সেনাবাহিনী থেকে বরখাস্তকৃত লেফটেন্যান্ট কর্নেল মো: আফজাল নাছেরের আবারো তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।

আজ সোমবার তিন দিনের রিমান্ড শেষে তাকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে আবারো পাঁচ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামান তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ৩০ মার্চ রাজধানীর মিরপুর ডিওএইচএস-এর একটি বাসা থেকে আফজাল নাছেরকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত ৫ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদ এ মামলায় তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ৮ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন তার আবারো তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৬ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের মিছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক পার হয়ে মহানগর দায়রা জজ কোর্টের সামনে এলে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অতর্কিত গুলিতে আহত হন জবি শিক্ষার্থী অনিক। এরপর অনিককে প্রথমে ন্যাশনাল মেডিক্যালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় ২০২৪ সালের ২১ নভেম্বর ভুক্তভোগী অনিক নিজে ২৫৩ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা করেন। সূত্র : বাসস