ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় ঝটিকা মিছিল করার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় বিশ্ববিদ্যালয়টির স্যার এফ রহমান হলের নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফারহান তানভীর নাফিসহ (২৪) দু’জনের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিমান্ডকৃত অপর আসামি হলেন মো: রুবেল মিয়া (৩৬)।
সোমবার (১১ মে) তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের সাত দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম তাদের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ২ মে ভোরে শাহবাগ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্যের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী জড়ো হয়ে সরকারবিরোধী প্রচারণা ও উসকানিমূলক স্লোগান দিচ্ছেন।
পরে ভোর ৬টা ১৫ মিনিটে শাহবাগ থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ঘটনাস্থল থেকে ফারহান তানভীর নাফি ও রুবেল মিয়াকে আটক করা হয়।
এ ঘটনায় শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনের একাধিক ধারায় মামলা দায়ের করা হয়।
সূত্র : বাসস



