ন্যাশনাল ডিফেন্স কোর্সের সদস্যরা তাদের প্রশিক্ষণের অংশ হিসেবে আজ সুপ্রিম কোর্ট পরিদর্শন করেন।
সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো: শফিকুল ইসলাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
এই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, সোমবার ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০২৬-এর কোর্সের সদস্যরা তাদের প্রশিক্ষণের অংশ হিসেবে সুপ্রিম কোর্ট পরিদর্শন করেন। এ উপলক্ষে আজ সুপ্রিম কোর্টের অডিটোরিয়ামে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ অভিভাষণ প্রদান করেন। প্রধান বিচারপতি তার বক্তব্যে বাংলাদেশের বিচার ব্যবস্থার কাঠামো, স্বাধীনতা, স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্বের বিষয়ে আলোকপাত করেন এবং আইনের শাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগের ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেন।
আজকের অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ পরিদর্শন করেন এবং বিভিন্ন বেঞ্চে চলমান বিচারিক কার্যক্রম প্রত্যক্ষ করেন। এর মাধ্যমে তারা বিচারিক কার্যপ্রণালি সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান।
উল্লেখ্য যে, ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০২৬-এ বাংলাদেশ, ভারত, নেপাল, শ্রীলঙ্কা, চীন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সৌদি আরব, কুয়েত, কাতার, ওমান, নাইজেরিয়া, তাঞ্জানিয়া, জাম্বিয়াসহ বিভিন্ন দেশের প্রায় ১৪৮ জন সামরিক ও বেসামরিক প্রতিনিধি অংশগ্রহণ করেন। এর মধ্যে ১০৫ জন কোর্স সদস্য এবং দু’জন ফ্যাকাল্টি সদস্য ছিলেন।
অংশগ্রহণকারীরা বাংলাদেশের বিচার ব্যবস্থার কাঠামো, কার্যক্রম এবং চলমান সংস্কার কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন। বাসস



