লিগ্যাল এইডের মাধ্যমে শ্রমিকদের ২২,১৫৩টি আইনি পরামর্শ প্রদান

জাতীয় আইনগত সহায়তা সংস্থা ২০০৯ থেকে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত সরকারি খরচে মোট ৫ লাখ ৭৪ হাজারের বেশি আইনি পরামর্শ সেবা দিয়েছে, যার মধ্যে শ্রমিক আইনি সহায়তা সেলের মাধ্যমে দেয়া হয়েছে ২২ হাজার ১৫৩টি সেবা।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) অধীনে ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনি সহায়তা সেলের মাধ্যমে ২২ হাজার ১৫৩ টি আইনি সহায়তা দেয়া হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) লিগ্যাল এইড-এর ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনের বরাতে এ তথ্য জানায় বার্তাসংস্থা বাসস।

২০০৯ সাল থেকে ২০২৬ সালের এপ্রিল মাস পর্যন্ত লিগ্যাল এইড-এর মাধ্যমে আইনি সহায়তার বিস্তারিত তথ্য সেখানে উল্লেখ করা হয়।

প্রতিবেদনে আরো বলা হয়, সংস্থার অধীনে সরকারি খরচে জাতীয় হেল্পলাইন কলসেন্টারের (টোল ফ্রি-‘১৬৬৯৯’) মাধ্যমে ২ লাখ ৪ হাজার ২০৫ টি আইনি পরামর্শ সেবা দেয়া হয়েছে।

সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ২৭ হাজার ১৬৭টি; দেশের ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের ৩ লাখ ২০ হাজার ৭৫৩ এবং ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনি সহায়তা সেলের মাধ্যমে ২২ হাজার ১৫৩ টি আইনি পরামর্শ সেবা দেয়া হয়েছে।

সবমিলিয়ে সরকারি খরচে ৫ লাখ ৭৪ হাজার ২৭৮ টি আইনি পরামর্শ সেবা দেয়া হয়েছে।

দেশের অসচ্ছল, অসমর্থ বিচারপ্রার্থীদের আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে ‘আইনগত সহায়তা প্রদান আইনের’ অধীনে সরকারি খরচে এ সেবা দেয়া হয়।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থার কার্যক্রম পরিচালিত হয়।