হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৭ মৃত্যু, আক্রান্ত ১২৮৭

গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরো সাত শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

নয়া দিগন্ত অনলাইন
হামের উপসর্গে আক্রান্ত শিশুকে চিকিৎসার পরও বাঁচাতে না পেরে স্বজনদের আহাজারি
হামের উপসর্গে আক্রান্ত শিশুকে চিকিৎসার পরও বাঁচাতে না পেরে স্বজনদের আহাজারি |ইউএনবি

দেশে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো সাত শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া এ সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৮৭টি শিশু।

রোববার (৭ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরো সাত শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৫২৯টি শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরো ৯১টি শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৬২০টি শিশু মারা গেছে।

এছাড়া, ২৪ ঘণ্টায় ৬৬টি শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ হাজার ২২১। এ সময়ে ১ হাজার ১২৯টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১ হাজার ১২০টি শিশু।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৭৯ হাজার ১২, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৯ হাজার ৬৮৬। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৬৪ হাজার ২৬৩ রোগী, যাদের মধ্যে ৬০ হাজার ৮৪ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।

সূত্র : ইউএনবি