শিশুদের টিকাদান নিশ্চিত করতে অভিভাবকদের প্রতি স্বাস্থ্য প্রতিমন্ত্রীর আহ্বান

উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকার সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। এই টিকাদান কর্মসূচির মাধ্যমে হামের বর্তমান পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলেও তিনি আশা প্রকাশ করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী।

নয়া দিগন্ত অনলাইন
স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত
স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত |ইন্টারনেট

শিশুর টিকাদান নিশ্চিত করা এবং এই কর্মসূচিকে সফল করতে সব অভিভাবককে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

আজ শনিবার এক ভিডিও বার্তায় এই আহ্বান জানান তিনি।

দেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় জরুরি ভিত্তিতে আগামীকাল থেকে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু করছে সরকার। রোববার সকাল ৯টা থেকে দেশের ১৮ জেলার ৩০টি উপজেলায় এই বিশেষ টিকাদান কর্মসূচি একযোগে শুরু হবে।

সংশ্লিষ্ট এলাকার জনগণকে কর্মসূচিতে অংশগ্রহণ ও সহযোগিতার আহ্বান জানিয়ে এম এ মুহিত বলেন, এই কার্যক্রমের আওতায় ছয় মাস থেকে পাঁচ বছরের কম বয়সী সব শিশুকে হাম-রুবেলা টিকা দেয়া হবে। তবে যারা এরই মধ্যে হাম বা জ্বরে আক্রান্ত রয়েছে, তাদের আপাতত এই টিকা দেয়া হবে না।

তিনি জানান, রোববার সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করা হবে। পরবর্তীতে যেসব জেলায় হামের প্রাদুর্ভাব বাড়ছে বা বেড়েছে, সেসব এলাকায় পর্যায়ক্রমে এই টিকাদান কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী আশ্বস্ত করে বলেন, উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকার সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। এই টিকাদান কর্মসূচির মাধ্যমে হামের বর্তমান পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

সূত্র : বাসস