দেশে হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরো সাত শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে নিশ্চিত হামে মারা গেছে তিন শিশু। আর হামের উপসর্গ ছিল চার শিশুর।
আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে এই মৃত্যুগুলো ঘটে।
প্রতিবেদন অনুযায়ী, এ সময়ে সারাদেশে আরো ১ হাজার ৪২৩ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেয়ার তথ্য পাওয়া গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেয়া রোগীর সংখ্যা ৫৯ হাজার ২৭৯।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগী শনাক্তের সংখ্যা ২০৮। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ৮ হাজার ২৭৫ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।
১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৬ হাজার ৪০৭ শিশু। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৪২ হাজার ৩৩৬ শিশু।
১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৪০৫ জন। আর নিশ্চিত হামে মারা গেছে ৮৩ জন। মোট মৃত্যু ৪৮৮ জন।



