হাম পরিস্থিতি মোকাবিলায় সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব মো: কামরুজ্জামান চৌধুরী।
আজ শনিবার বিশ্ব পারকিনসন দিবস উপলক্ষে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটালে আয়োজিত সেমিনারে তিনি এ কথা বলেন।
বর্তমান সময়ে দেশের হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে স্বাস্থ্য সচিব বলেন, ‘গত চার বছর টিকাদান কর্মসূচিতে কিছুটা ছেদ পড়ায় বর্তমানে হাম নিয়ে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় সরকার আন্তরিকতার সাথে কাজ করছে।’
হামের বর্তমান পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য সচিব বলেন, বিগত সরকারের ভুলের কারণে বর্তমানে হামের প্রভাব দেশব্যাপী বৃদ্ধি পেয়েছে। ঠিকমতো টিকাদান কর্মসূচি চলমান থাকলে এ সমস্যার মুখোমুখি হতে হতো না। বর্তমানে আমরা ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের জন্য দেশব্যাপী টিকাদান কার্যক্রম পরিচালনা করছি।
দেশে হামের টিকার কোনো ঘাটতি নেই জানিয়ে তিনি বলেন, আগামীকাল রোববার (১২ এপ্রিল) থেকে ঢাকা উত্তর-দক্ষিণ, চট্টগ্রাম, ময়মনসিংহ ও বরিশাল সিটি করপোরেশনে হামের টিকা কার্যক্রম শুরু হবে। আগামী ২০ এপ্রিল থেকে দেশব্যাপী টিকাদান কার্যক্রম শুরু হবে। গবেষক এবং পরামর্শক টিমের পরামর্শ অনুযায়ী, ছয় মাস থেকে ৫৯ মাস বছর বয়সী বাচ্চাদের সবাইকে হামের টিকার আওতায় নিয়ে আসা হচ্ছে বলেও জানান স্বাস্থ্য সচিব।
এদিকে বিশ্ব পারকিনসন দিবস উপলক্ষ্যে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজে আলোচনা সভা ও এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক ডা: মুহাম্মদ আব্দুল মোমেন খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা: এটিএম সোলাইমান কবির।
আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. মুহাম্মদ আক্তার হোসেন।
সূত্র : বাসস



