হাম চিকিৎসায় বেসরকারি হাসপাতালেও আলাদা কেবিন রাখার নির্দেশনা

হামের প্রাদুর্ভাব বাড়ায় দেশের সব বেসরকারি হাসপাতালে হাম রোগীদের জন্য আলাদা কেবিন বা আইসোলেশন ওয়ার্ড রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

নয়া দিগন্ত অনলাইন
হামের উপসর্গ নিয়ে শিশু মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে
হামের উপসর্গ নিয়ে শিশু মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে |সংগৃহীত

হামের প্রাদুর্ভাব বাড়তে থাকায় দেশের সব বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে হাম ও সন্দেহজনক হাম রোগীদের চিকিৎসার জন্য আলাদা কেবিন রাখার নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদফতর।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে হাম এবং হামে আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে, এমন রোগীদের জন্য সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণসহ জরুরি নির্দেশনা দেয়া হয়।

স্বাস্থ্য অধিদফতরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক মঈনুল আহসানের সই করা এই নির্দেশনায় বলা হয়েছে, সম্প্রতি বেসরকারি হাসপাতালে হাম ও হাম সন্দেহজনক রোগী ভর্তি না করার অভিযোগ পাওয়া গেছে।

এমন প্রেক্ষাপটে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে আলাদা ওয়ার্ড বা কেবিন রাখার পাশাপাশি, হামের জন্য নির্ধারিত আইসোলেশন ওয়ার্ডগুলোতে সার্বক্ষণিক সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয়সংখ্যক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োজিত রাখার কথাও বলা হয়েছে।

নির্দেশনায় আরো বলা হয়েছে, ছুটির দিনসহ সপ্তাহের প্রতিদিন সকাল ও বিকেল- দুই বেলা বিশেষজ্ঞ চিকিৎসকদের এই ওয়ার্ডগুলো পরিদর্শনে যেতে হবে।

এক্ষেত্রে সংক্রমণ যাতে না ছড়ায় সেজন্য আক্রান্ত রোগীর সাথে সর্বোচ্চ একজন অভিভাবক বা দর্শনার্থী থাকার অনুমতি দেয়া যাবে। এর বেশি কেউ প্রবেশ করতে পারবেন না। হাসপাতালে ভর্তি হওয়া হাম রোগীদের সার্বিক তথ্য প্রতিদিন নিয়মিতভাবে এমআইএস সার্ভারে আপলোড করার কথাও বলা হয়েছে।

মূলত, সংক্রমণ নিয়ন্ত্রণে রাখা এবং রোগীদের জন্য আরো কার্যকর ও নিবিড় চিকিৎসা সেবা নিশ্চিত করতেই স্বাস্থ্য অধিদফতর এই জরুরি নির্দেশনাগুলো দিয়েছে।

সূত্র : বিবিসি

Topics