চট্টগ্রামে এপিক ডেন্টাল কেয়ারের প্রযুক্তিনির্ভর ডিজিটাল ল্যাবের উদ্বোধন

এপিক ডেন্টাল কেয়ার চট্টগ্রামে সম্পূর্ণ জার্মান প্রযুক্তিনির্ভর ক্যাড/ক্যাম ডিজিটাল ডেন্টাল ল্যাবরেটরি উদ্বোধন করেছে। এই আধুনিক ল্যাবে থ্রি-ডি স্ক্যানিং, ডিজিটাল ডিজাইন ও স্বয়ংক্রিয় মিলিং প্রযুক্তির মাধ্যমে আরো দ্রুত, নিখুঁত ও উন্নত ডেন্টাল সেবা দেয়ার লক্ষ্য নেয়া হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

চট্টগ্রামে আধুনিক প্রযুক্তিনির্ভর চিকিৎসার নতুন অধ্যায়ের সূচনা করেছে এপিক ডেন্টাল কেয়ার। প্রতিষ্ঠানটির সম্পূর্ণ জার্মান প্রযুক্তিনির্ভর ক্যাড/ক্যাম ডিজিটাল ডেন্টাল ল্যাবরেটরির আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। এপিক হেলথ কেয়ারের বিশেষায়িত ডেন্টাল শাখা হিসেবে এই উদ্যোগকে প্রযুক্তিনির্ভর চিকিৎসাব্যবস্থায় একটি বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

গত রোববার (১৭ মে) আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই নতুন সেবার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এপিক হেলথ কেয়ারের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, করপোরেট বিজনেস অ্যান্ড ব্র্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন বিভাগের ম্যানেজার, কনসালট্যান্ট, ডেন্টাল সার্জন ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক তাদের বক্তব্যে বিশ্বব্যাপী ডিজিটাল ডেন্টিস্ট্রির দ্রুত বিকাশ এবং রোগীবান্ধব চিকিৎসাব্যবস্থায় আধুনিক প্রযুক্তির গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, আধুনিক এই প্রযুক্তির মাধ্যমে ক্রাউন, রিস্টোরেশন ও স্মাইল ডিজাইন আরো দ্রুত, নিখুঁত ও নান্দনিকভাবে সম্পন্ন করা সম্ভব হবে।

প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, নতুন এই ডিজিটাল গবেষণাগারে মুখের ভেতরের স্ক্যানিং ব্যবস্থা, দাঁতের ডিজিটাল থ্রি-ডি ডিজাইন এবং স্বয়ংক্রিয় ক্যাড/ক্যাম মিলিং প্রযুক্তি যুক্ত করা হয়েছে। এর ফলে রোগীরা অধিক নির্ভুল, আরামদায়ক ও সময়সাশ্রয়ী চিকিৎসাসেবা পাবেন। পাশাপাশি প্রচলিত সনাতন পদ্ধতির জটিলতাও উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

প্রফেসর ডা: ফরিদ উদ্দিনের মতে, ক্যাড/ক্যাম প্রযুক্তির ব্যবহারে জিরকোনিয়া ক্রাউন, ভিনিয়ার এবং বিভিন্ন ডেন্টাল রিস্টোরেশন আরো নিখুঁতভাবে প্রস্তুত করা সম্ভব হচ্ছে, যা রোগীদের জন্য দীর্ঘস্থায়ী ও নান্দনিক সমাধান নিশ্চিত করবে।

এপিক ডেন্টাল কেয়ারের ইনচার্জ ডা: রহমান মাবরুর বলেন, ডিজিটাল প্রযুক্তিনির্ভর চিকিৎসা এখন সময়ের প্রয়োজন। আমরা চট্টগ্রামের মানুষের জন্য আন্তর্জাতিক মানের ডেন্টাল সেবা নিশ্চিত করতে কাজ করছি। এই ক্যাড/ক্যাম ল্যাব সেই যাত্রার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

অনুষ্ঠান শেষে অতিথিরা ল্যাবের বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন এবং উদ্যোগটিকে দেশের ডেন্টাল চিকিৎসা খাতে সময়োপযোগী ও যুগোপযোগী সংযোজন হিসেবে অভিহিত করেন।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, রোববার থেকেই রোগীদের জন্য ক্যাড/ক্যাম ডিজিটাল ডেন্টাল সেবা আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এই উদ্যোগ চট্টগ্রামে আন্তর্জাতিক মানের ডিজিটাল ডেন্টিস্ট্রি সেবা সম্প্রসারণে নতুন মাত্রা যোগ করবে।

উল্লেখ্য, এপিক ডেন্টাল কেয়ার আধুনিক ডেন্টাল চিকিৎসা, উন্নত স্টেরিলাইজেশন ব্যবস্থা এবং প্রযুক্তিনির্ভর সেবার মাধ্যমে ইতোমধ্যে চট্টগ্রামে আস্থার একটি নাম হিসেবে পরিচিতি লাভ করেছে।
বিজ্ঞপ্তি