হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১১৪৮

বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
অ্যাম্বুল্যান্সে অসুস্থ শিশুকে নিয়ে বসে আছে একটি পরিবার। ছবিটি বাংলাদেশ শিশু হাসপাতালের সামনে থেকে তোলা
অ্যাম্বুল্যান্সে অসুস্থ শিশুকে নিয়ে বসে আছে একটি পরিবার। ছবিটি বাংলাদেশ শিশু হাসপাতালের সামনে থেকে তোলা |ইউএনবি ফাইল ছবি

দেশে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। আর এ সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৪৮টি শিশু।

বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরো পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৫৭৩টি শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরো ৯৩টি শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৬৬৬টি শিশু মারা গেছে।

এছাড়া, ২৪ ঘণ্টায় ১৩৯টি শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ হাজার ৬। এই সময়ে ৯০৭টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৮১৫টি শিশু।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৮৯ হাজার ৯০৪, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১০ হাজার ৭৭৩। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৭৪ হাজার ১৮৪ রোগী, যাদের মধ্যে ৭০ হাজার ৫০৩ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।

সূত্র : ইউএনবি