ফ্রান্সের আসন্ন ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে নতুন আলোচনার জন্ম দিয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া অলাঁদ।
ফরাসি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তিনি আবারো নির্বাচনে অংশ নেয়ার প্রস্তুতি নিচ্ছেন।
২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা অলাঁদ। ২০১৭ সালের নির্বাচনে পরাজয়ের পর ঘোষণা দিয়েছিলেন যে তিনি আর সক্রিয় রাজনীতিতে ফিরবেন না। তবে সময়ের পরিবর্তনে সেই অবস্থান থেকে সরে এসে তিনি পুনরায় রাজনৈতিক ময়দানে সক্রিয় হচ্ছেন বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
ফরাসি সাপ্তাহিক মারিয়ান-এ দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি প্রস্তুতি নিচ্ছি’- যা তার সম্ভাব্য প্রার্থিতার ইঙ্গিত বহন করছে। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে প্রার্থী হওয়ার ঘোষণা দেননি, রাজনৈতিক বিশ্লেষকদের মতে খুব শিগগিরই তিনি এ বিষয়ে স্পষ্ট অবস্থান জানাতে পারেন।
ইতিহাস বলছে, অলাঁদ অতীতেও একাধিকবার এমন প্রস্তুতির কথা জানিয়েছেন। ২০১১ সালে তিনি একইভাবে প্রস্তুতির কথা জানিয়ে শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নেন এবং জয়লাভ করেন। তবে ২০১৬ সালে ‘প্রস্তুত’ থাকার ঘোষণা দিলেও পরে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান।
বামপন্থী সোশ্যালিস্ট পার্টির এই নেতা অভিবাসীবান্ধব নীতির জন্য পরিচিত। দলটি দীর্ঘদিন ধরে ফ্রান্সে অভিবাসীদের প্রতি সহানুভূতিশীল অবস্থান নিয়ে রাজনীতি করে আসছে।
রাজনৈতিক মহলে এখন প্রশ্ন- অবশেষে কি সত্যিই ২০২৭ সালে আবারো নির্বাচনী লড়াইয়ে নামবেন ফ্রাঁসোয়া অলাঁদ, নাকি আগের মতোই শেষ মুহূর্তে সরে দাঁড়াবেন? তার সম্ভাব্য প্রত্যাবর্তন ইতোমধ্যেই ফরাসি রাজনীতিতে নতুন উত্তেজনা তৈরি করেছে।



