মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশীদের অন্যতম বৃহৎ ক্রিকেট আয়োজন জেলা চ্যাম্পিয়ন ট্রফি ২০২৬ এর তৃতীয় সিজনের আনুষ্ঠানিক উদ্ভোদন ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (২৯ মে) কুয়ালালামপুরের একটি আরাবিয়ান রেস্টুরেন্টের হল রুমে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন আয়োজকরা।
আয়োজকরা জানায়, প্রবাসী বাংলাদেশীদের মধ্যে ক্রিকেটের জনপ্রিয়তা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরো সুদৃঢ় করার লক্ষেই এই টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে। এবারের আসরে অংশ নিবে মোট ১২টি জেলা দল। দলগুলোকে চারটি গ্রুপে ভাগ করা হয় এবং প্রতি গ্রুপে থাকবে তিনটি করে দল।
টুর্নামেন্টের গ্রুপ পর্ব আগামী রোববার অনুষ্ঠিত হবে এবং সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে সোমবার। খেলাগুলো একযোগে পুত্রজায়া ও পুচং ইনডোর, আউটডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। প্রতিটি মাঠে দু’টি করে গ্রুপের খেলা আয়োজন করা হবে।
আয়োজক কমিটি জানায়, প্রতিটি দলকে টসের পর মূল একাদশের পাশাপাশি তিনজন সাবস্টিটিউট খেলোয়াড়ের তালিকা জমা দিতে হবে।
টুর্নামেন্টে অংশ নেয়ার জন্য প্রতিটি দলের এন্ট্রি ফি নির্ধারণ করা হয় ১২০০ মালয়েশিয়ান রিংগিট। চ্যাম্পিয়ন দল পাবে ৫০০০ রিংগিট এবং দৃষ্টিনন্দন ট্রফি। রানার্স-আপ দল পাবে ৩০০০ রিংগিট ও দৃষ্টিনন্দন ট্রফি।
এছাড়াও প্রতিটি দলের জন্য ১৫টি প্রিমিয়াম কোয়ালিটির জার্সি দেয়া হবে বলে জানায় আয়োজনকরা। প্রতিটি ম্যাচের সেরা খেলোয়াড়কে ম্যান অব দ্য ম্যাচ ট্রফি দেয়া হবে।
টুর্নামেন্টের ব্যক্তিগত অর্জন ক্যাটাগরিতে সেরা ব্যাটার পাবেন একটি প্রফেশনাল ক্রিকেট ব্যাট ও ১০০ রিংগিট, সেরা বোলার পাবেন হাই-পারফরম্যান্স স্পাইক জুতো ও ১০০ রিংগিট এবং সেরা উইকেটকিপার পাবেন প্রফেশনাল কিপিং গ্লাভস ও ১০০ রিংগিট।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্পোর্টস অ্যান্ড ক্যালচারাল অ্যাকাডেমির (বিএসসিএ) চেয়ারম্যান মো: জসিম উদ্দিন, টুর্নামেন্ট আয়োজন কমিটির কনভেনর মো: সাইফুদ্দিন, অংশ দেয়া সকল দলের দলনেতারা, মালেয়শিয়া কমিউনিটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোস্তফা ইমরান রাজু, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম হিরন ও কাউন্সিলের সদস্যরা এবং বিভিন্ন গণমাধ্যম কর্মীরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো: সালাহউদ্দিন। টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন প্রাণ পিনাকল মালায়শিয়া।



