ঈদের দিনেও ছুটি মেলে না অনেক প্রবাসী বাংলাদেশীর

ঈদের মধ্যে অনেকে এক দিনের ছুটি পেলেও শুধু নামাজ পড়ার সময়টুকু ছুটি পেয়েছেন এমন প্রবাসীর সংখ্যাও কম নয়। নামাজ আদায় করে কাজে ফিরতে হয়েছে তাদের।

আশরাফুল মামুন, মালয়েশিয়া
মালয়েশিয়ায় ঈদুল আজহার জামাত
মালয়েশিয়ায় ঈদুল আজহার জামাত |নয়া দিগন্ত

মালয়েশিয়ায় যথাযোগ্য মর্যাদায় ঈদুল আজহা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার স্থানীয় সময় সকাল ৮টায় ঈদুল আজহার নামাজ জাতীয় ঈদগাহ মসজিদ নেগারাসহ কুয়ালালামপুরের সব এলাকায় একযোগে অনুষ্ঠিত হয়।

এসময় হাজার হাজার প্রবাসী বাংলাদেশী স্থানীয় নাগরিকদের সাথে ঈদের নামাজ আদায় করেন। তবে ঈদের দিনেও অনেককে দেখা গেছে কাজ করতে। বিশেষ করে চাইনিজ ও তামিল মালিকানাধীন কোম্পানিগুলোতে ঈদের দিনও কাজ চলে।

স্থানীয় নাগরিকদের পাশাপাশি পৃথিবীর অনেক দেশের প্রবাসী নারী-পুরুষ নামাজ আদায় শেষে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

মালয়েশিয়ার রাজা ও প্রধানমন্ত্রী জাতীয় মসজিদে সকাল ৮টায় ঈদের নামাজ আদায় করেন এবং দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান।

ঈদের মধ্যে অনেকে এক দিনের ছুটি পেলেও শুধু নামাজ পড়ার সময়টুকু ছুটি পেয়েছেন এমন প্রবাসীর সংখ্যাও কম নয়। নামাজ আদায় করে কাজে ফিরতে হয়েছে তাদের। বেতন কাটার শর্তে অনেকেই ছুটি পেয়েছেন।

মালয়েশিয়ায় সাধারণ প্রবাসীসহ প্রায় ১৫ লাখ বাংলাদেশীর বসবাস। স্থানীয় নারী বিয়ে করে অনেকে বসবাস করছেন স্থায়ীভাবে। মালয়েশিয়ায় সেকেন্ড হোম হোল্ডার থেকে মালয়েশিয়ায় বিয়ে করে স্থায়ী নাগরিক হওয়া বাংলাদেশীদের সংখ্যা বেশি।

মালয়েশিয়ার স্থানীয় রীতি অনুযায়ী, পশুর গোশত মসজিদ থেকে বণ্টন করা হয়। তাই অনেক প্রবাসী কোরবানির গোশত সংগ্রহ করার জন্য মসজিদে যান। আবার অনেকেই কোরবানির গোশতটুকুও খেতে পারেন না।

মালয়েশিয়ায় পশু কোরবানি দিতে হলে নির্দিষ্ট ফি জমা দিয়ে সরকারের অনুমতি বা সার্টিফিকেট নিতে হয় হয়। এসব জটিলতার কারণে প্রবাসীদের ঈদ আনন্দে অনেকটাই ঘাটতি থেকে যায়।