বড়কুঠি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাছে হস্তান্তর করা হবে : ভূমিমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবদান অনস্বীকার্য। এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে অনেকেই বিশ্বব্যাপী সেবা দিয়ে যাচ্ছেন।

রাবি প্রতিনিধি

Location :

Rajshahi
বক্তব্য রাখছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু
বক্তব্য রাখছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু |নয়া দিগন্ত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বৃত্তির জন্য এক সপ্তাহের মধ্যে ১০ লাখ টাকা অনুদানের ঘোষণা দিয়ে বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু বলেছেন, বিশ্ববিদ্যালয়ের জন্মস্থান বড়কুঠিকে বিশ্ববিদ্যালয়ের কাছেই হস্তান্তর করা হবে।’

সোমবার (৬ জুলাই) বেলা ১২টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, ‘আমি আমার বাবা ফয়েজ রহমানের নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বৃত্তির জন্য এক সপ্তাহের মধ্যেই ১০ লাখ টাকা দেব।’

তিনি বলেন, ‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবদান অনস্বীকার্য। এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে অনেকেই বিশ্বব্যাপী সেবা দিয়ে যাচ্ছেন। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় সর্বোচ্চ অবদান রাখা মরহুম মাদার বখশের প্রতি আমি শ্রদ্ধা জানাই। পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পেছনে যাদের অবদান রয়েছে, তাদের প্রতিও শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

তিনি আরো বলেন, ভিসি মহোদয় আমার কাছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দাবি তুলে ধরেছেন। আমি সবসময় এই বিশ্ববিদ্যালয়ের শুভাকাঙ্ক্ষী। আমাদের সকলের প্রিয় প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও খালেদা জিয়া এই বিশ্ববিদ্যালয়ে এসেছেন এবং শিক্ষার্থীদের জন্য অনেক কিছু করেছেন। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ও শিক্ষামন্ত্রীও রাজশাহী বিশ্ববিদ্যালয় নিয়ে আন্তরিক। আশা করি, বিশ্ববিদ্যালয়ের হল, অ্যাকাডেমিক ভবনসহ সব সংকট দ্রুত নিরসন হবে। আমি খুব শীঘ্রই এসব বিষয় প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করব।’

মন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, ‘আর দুই বছর পর বিশ্ববিদ্যালয়ের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। আমি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ওই অনুষ্ঠানে উপস্থিত থাকার আহ্বান জানাব। আশা করি, তিনি উপস্থিত থাকবেন। এছাড়া ভিসি মহোদয় বড়কুঠি ফিরিয়ে আনার উদ্যোগ নিতে বলেছেন। বিশ্ববিদ্যালয়ের হল ও অ্যাকাডেমিক ভবনসহ বিভিন্ন সংকট নিরসনে প্রধানমন্ত্রীর কাছে বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব।’

আলোচনা সভায় এ সময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ফাইসুল ইসলাম ফারুকী, প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মো: আব্দুল আলীম, প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মামুনুর রশীদ, রাজশাহী-৩ আসনের সাংসদ মো: শফিকুল হক মিলন, রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা।