জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ক্লাস আগামী ১৭ জুন থেকে শুরু হবে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ও কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সচিব সৈয়দ মোহাম্মদ আলী রেজা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩০ মার্চ সশরীরে উপস্থিত হয়ে নতুন করে পছন্দক্রমের ফর্ম পূরণকারীদের মধ্য থেকে নির্বাচিতদের জন্য বিভিন্ন ইউনিটের শূন্য আসনে (৫ম ধাপ) ভর্তি ও পছন্দক্রম পূরণ কার্যক্রম শুরু হবে ১ মে থেকে, যা চলবে ২ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। একই সময়ে মাইগ্রেশনে অনিচ্ছুক ভর্তিকৃত শিক্ষার্থীদের অনলাইনে মাইগ্রেশন বন্ধের প্রক্রিয়াও সম্পন্ন করতে হবে।
এছাড়া, আগামী ৪ মে মাইগ্রেশন তালিকা ও ৫ম ধাপে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে প্রকাশ করা হবে। নির্বাচিতদের অনলাইন ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে ৫ মে থেকে ৭ মে রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে। পরবর্তীতে ১০ মে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত সশরীরে উপস্থিত হয়ে ভর্তি নিশ্চিত করতে হবে। ভর্তি নিশ্চিতকরণের সময় শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল সনদপত্র, নম্বরপত্র, বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টার থেকে সংগৃহীত মেডিক্যাল সনদপত্র, অনলাইনে পূরণকৃত বিষয়ভিত্তিক পছন্দক্রম ফরম এবং প্রবেশপত্রের ফটোকপি সংশ্লিষ্ট বিভাগীয় সভাপতি ও ডিনের মাধ্যমে রেজিস্ট্রার অফিসের শিক্ষা শাখায় জমা দিতে হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ভর্তি কার্যক্রম শেষে আগামী ১৭ জুন থেকে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ক্লাস শুরু হবে।



