রাবিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে শিক্ষার্থীকে ছুরিকাঘাত ও প্রক্টরকে হুমকির অভিযোগ

ছুরিকাঘাতের শিকার হাসান বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। অন্যদিকে অভিযুক্ত হাসিবুল ইসলাম হাসিব বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক।

রাবি প্রতিনিধি

Location :

Rajshahi
রাবিতে ছুরিকাঘাতে আহত শিক্ষার্থী
রাবিতে ছুরিকাঘাতে আহত শিক্ষার্থী |নয়া দিগন্ত

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এক ছাত্রদল নেতার বিরুদ্ধে বহিরাগতদের নিয়ে শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২১ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডের পাশে এই ঘটনা ঘটে। তবে অভিযুক্ত ছাত্রদল নেতা বিষয়টি অস্বীকার করেছেন। এর আগে তার বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকেও হুমকি দেয়ার অভিযোগ ওঠে।

ছুরিকাঘাতের শিকার হাসান বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। অন্যদিকে অভিযুক্ত হাসিবুল ইসলাম হাসিব বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক।

প্রত্যক্ষদর্শী, ভুক্তভোগী ও প্রক্টর সূত্রে জানা যায়, সোমবার বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী তার বান্ধবীকে নিয়ে চারুকলা এলাকায় বসে ছিলেন। এ সময় সেখানে দায়িত্বরত এক প্রহরী তাদের সেখান থেকে সরে যেতে বলেন। এ নিয়ে শিক্ষার্থীর সাথে তাদের বাকবিতণ্ডা হয়। ঘটনাটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে সমাধান করা হয়েছিল। ওই ঘটনার প্রেক্ষিতে মঙ্গলবার রাতে ছাত্রদল নেতা হাসিব বহিরাগত নিয়ে এসে ওই শিক্ষার্থীকে ছুরিকাঘাত করেন।

প্রত্যক্ষদর্শী বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের শিক্ষার্থী আক্তার বলেন, আমরা জুসের দোকানে বসে আছি। আমরা দেখতে পেলাম হাসিব উত্তেজিত হয়ে দৌড়ে আসছে। পরে একজন উঠে যাওয়ার সময় গলা ধাক্কা দিয়ে মারধর শুরু করে।

ভুক্তভোগী শিক্ষার্থী হাসান বলেন, হাসিব গতকাল থেকেই বিভিন্নভাবে ফোনে হুমকি ধামকি দিচ্ছিল। রাতে আমি একটা চায়ের দোকানে বড় ভাই ও বন্ধুদের সাথে বসে ছিলাম। পরে হাসিব বেশ কয়েকজন বহিরাগত নিয়ে ছুরি দিয়ে আঘাত করে। আমার সাথে যারা ছিল তাদেরকেও আঘাত করে। এর আগে তারা প্রক্টরকেও হুমকি দেয়।

তবে বিষয়টি অস্বীকার করেছেন অভিযুক্ত ছাত্রদল নেতা হাসিবুল ইসলাম হাসিব। তিনি বলেন, আমি খুবই অসুস্থ। সেই পহেলা বৈশাখের পর থেকেই অসুস্থ। আজ একটা পরীক্ষা ছিল সেটা দিয়ে বাসায় চলে আসি। আমি বাসা থেকে ক্যাম্পাসেই যায়নি আর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখলাম আমি নাকি কোনো শিক্ষার্থীকে ছুরিকাঘাত করছি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, বিষয়টি তাৎক্ষণিক সমাধান হয়েছে। কিন্তু পরে এরকম ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আহত শিক্ষার্থীরা চাইলে আইনগত ব্যবস্থা নিতে পারেন। অভিযুক্তরা আমাদেরও হুমকি দিয়েছে। ভুক্তভোগী প্রক্টর অফিসে অভিযোগ করলে বিশ্ববিদ্যালয় প্রশাসন যথাযথ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে এবং কাউকে ছাড় দেয়া হবে না।