মাভাবিপ্রবি প্রতিনিধি
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক র্যাংকিংগুলোতে ধারাবাহিকভাবে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করছে। দেশের দ্বিতীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হওয়া সত্ত্বেও আগের আন্তর্জাতিক র্যাংকিংয়ে প্রতিষ্ঠানটির অবস্থান তেমন দৃশ্যমান ছিল না। তবে পরিকল্পিত উদ্যোগ ও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে সে চিত্র দ্রুত বদলাতে শুরু করেছে।
২০২৪ সালের ডিসেম্বর মাসে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো: মতিউর রহমানকে আহ্বায়ক করে একটি বিশেষ র্যাংকিং কমিটি গঠন করা হয়। শুরু থেকেই কমিটিটি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক অবস্থান উন্নয়নে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।
কমিটির কার্যক্রমের মধ্যে রয়েছে—আন্তর্জাতিক র্যাংকিং প্রদানকারী সংস্থাগুলোর সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দফতর থেকে তথ্য-উপাত্ত সংগ্রহ ও প্রক্রিয়াকরণ, র্যাংকিংয়ের জন্য আবেদন সম্পন্ন করা, মানোন্নয়নের কৌশল নির্ধারণে দেশী-বিদেশি বিশেষজ্ঞদের সাথে মতবিনিময়, সেমিনার আয়োজন এবং শিক্ষক-শিক্ষার্থীদের বিভিন্ন জরিপে অংশ নেয়ার উৎসাহ দেয়া।
এরই ধারাবাহিকতায় চলতি বছরের ফেব্রুয়ারিতে সিমাগো র্যাংকিংয়ে দেশসেরা হওয়ার গৌরব অর্জন করে মাভাবিপ্রবি। সর্বশেষ বৃহস্পতিবার টাইমস হায়ার এডুকেশন কর্তৃক প্রকাশিত এশিয়া বিশ্ববিদ্যালয় র্যাংকিং ২০২৬ -এ বিশ্ববিদ্যালয়টি ৬০১–৮০০ ব্যান্ডে স্থান পেয়েছে। এই র্যাংকিংয়ে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে মাভাবিপ্রবির অবস্থান ১১তম।
র্যাংকিং কমিটির আহ্বায়ক ড. মো: মতিউর রহমান বলেন, ‘এটা আমাদের শুরু। ইনশাআল্লাহ নিকট ভবিষ্যতে আমরা আরো উপরে উঠে যাব। শিক্ষার্থীদের ক্লাস ও ল্যাব ওয়ার্কে আরো মনোযোগী হতে হবে। এতে তাদের নিজস্ব উন্নতির পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের মানও বৃদ্ধি পাবে।’
তিনি আরো বলেন, ‘গবেষণা খাতে বরাদ্দ ক্রমাগত বাড়ছে ও পিএইচডি গবেষণার জন্যও নিয়মিত অর্থায়ন নিশ্চিত করা হচ্ছে।’
কমিটির সেক্রেটারি ও ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো: জিয়াউর রহমান বলেন, ‘এ অর্জনে আমরা আনন্দিত। তবে লক্ষ্য থাকা উচিত বিশ্বের শীর্ষ ৫০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে জায়গা করে নেয়া। এ জন্য উচ্চমানের জার্নাল প্রকাশনা ও আন্তর্জাতিক কনফারেন্সে অংশ নেয়া বাড়াতে হবে।’



