জুলাই শহীদের বাবাকে হুমকির অভিযোগে জাবি ছাত্রদল নেতাকে শোকজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংলগ্ন এলাকায় দোকান দখলের অভিযোগ এবং জুলাই শহীদ আলিফের বাবাকে প্রাণনাশের হুমকির অভিযোগে শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো: সেলিম রেজাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।

আতাউর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

Location :

Savar
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিজ্ঞপ্তি
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিজ্ঞপ্তি |নয়া দিগন্ত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংলগ্ন এলাকায় দোকান দখলের অভিযোগ এবং জুলাই শহীদ আলিফের বাবাকে প্রাণনাশের হুমকির অভিযোগে শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো: সেলিম রেজাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।

বৃহস্পতিবার (৭ মে) ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দফতর সম্পাদক মো: জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাবি ছাত্রদলের তিন নেতাকে শোকজ করা হয়।

শোকজপ্রাপ্ত অন্য দুই নেতা হলেন শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য মো: জাহিদ হাসান ও মো: এস এম তানিম হাসান। তারা অভিযুক্ত সেলিম রেজার অনুসারী হিসেবে পরিচিত।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাবি শাখা ছাত্রদলের দায়িত্বশীল পদে থেকে তাদের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে কেন তাদের বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। কেন্দ্রীয় সংসদের নির্দেশনা অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসিরের উপস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা জমা দিতে হবে।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেটে জোরপূর্বক দোকান বসানোর চেষ্টাকালে জুলাই শহীদ আলিফের বাবা বুলবুল কবীরকে হেনস্তা ও প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ ওঠে শাখা ছাত্রদল নেতা সেলিম রেজার বিরুদ্ধে। এ ঘটনায় বিচার চেয়ে গত ৬ মে রেজিস্ট্রার বরাবর লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী বুলবুল কবীর।