রাজধানীর প্রাণকেন্দ্রে অবস্থিত দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার প্রধান ক্যাম্পাসে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও অনার্স-মাস্টার্স শ্রেণির নতুন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) মাদরাসা মিলনায়তনে মাদরাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ড. মুহাম্মাদ খলিলুর রহমান মাদানীর সভাপতিত্বে অনার্স বিভাগের সমন্বয়ক মাওলানা শরিফুল ইসলাম এবং ছাত্র সংসদের জিএস আব্দুল কাইয়ুমের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মুহাম্মাদ আবু জাফর খান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাদরাসার মুফাসসির মাওলানা জাকির হোসাইন শেখ, মুফাসসির মাওলানা আবুল কাসেম গাজী, মুহাদ্দিস মাওলানা আব্দুল গাফ্ফার মাক্কী, ফকীহ মাওলানা মহিউদ্দীন, ফকীহ মাওলানা শরিফুল ইসলাম সুলতানী, সহকারী অধ্যাপক জনাব মিজানুর রশীদ, মাওলানা আব্দুস সামাদ, আহসান হাবীব, মাওলানা রেজানুল ইসলাম, মাওলানা আবু বকর সিদ্দিক, আব্দুস সামাদ আযাদ ও ছাত্র সংসদের ভিপি তোফায়েল আহমাদ ও আব্দুল কাইয়ুম খান।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মুহাম্মাদ আবু জাফর খান তা’মীরুল মিল্লাতের ঐতিহ্যগত ফলাফল, জাতি গঠনে এর অবদান এবং ইসলামী স্কলার বিনির্মাণে এ মাদরাসার ভূমিকার কথা উল্লেখ করে শিক্ষার্থীদের যুগোপযোগী শিক্ষা ও অহী জ্ঞান অর্জনে সচেষ্ট হওয়ার জন্য আহ্বান জানান।
অনুষ্ঠানে চলতি বছর অনার্স পর্যায়ে যে ১৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করে বিশেষ কৃতিত্ব দেখিয়েছেন তাদের সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।
নতুন ভর্তি হওয়া অনার্স ও মাস্টার্স শ্রেণির শিক্ষার্থীদের জন্য ওরিয়েন্টেশন সেশন অনুষ্ঠিত হয়, যেখানে একাডেমিক জীবন, উচ্চশিক্ষা এবং ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।
প্রধান অতিথি লেখাপড়ার পাশাপাশি আমল-আখলাকের প্রতি বিশেষ দিকনির্দেশনা দেন।
সভাপতি বক্তব্যে ড. মাওলানা খলিলুর রহমান মাদানী বলেন, একাডেমিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা অর্জন ও নৈতিকতার ওপরে প্রতিষ্ঠিত থেকে দ্বীনের দায়ী হিসেবে নিজেদেরকে প্রস্তুত করতে হবে। প্রচলিত সমাজে নানামুখী চ্যালেঞ্জের মোকাবেলায় নিজেদেরকে মজবুতভাবে ইসলামে মূল্যবোধের ওপরে প্রতিষ্ঠিত রাখতে হবে।
শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এ অনুষ্ঠানকে প্রাণবন্ত করে।



