রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) তিনটি বিভাগ—ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই), কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) এবং পুরকৌশল (সিই)—ছয় বছরের জন্য অ্যাক্রেডিটেশন অর্জন করেছে। এ স্বীকৃতি প্রদান করেছে বোর্ড অব অ্যাক্রেডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল ইডুকেশন (বিএইটিই)।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) অনুষ্ঠিত সেক্টোরাল কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। তবে ছয় বছরের এ অ্যাক্রেডিটেশনের মধ্যবর্তী সময়ে তিন বছর পর পুনরায় নিরীক্ষণ করা হবে বলে জানা গেছে।
রুয়েট সূত্রে জানা যায়, এবার মোট চারটি বিভাগ অ্যাক্রেডিটেশনের জন্য আবেদন করেছিল। এর মধ্যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগও সকল প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করেছে। তবে বিএইটিই-এর পর্যবেক্ষক দলের মূল্যায়ন প্রতিবেদন জমাদানে বিলম্ব হওয়ায় বিষয়টি আজকের বৈঠকের অ্যাজেন্ডাভুক্ত করা সম্ভব হয়নি। সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন, আগামী দুই থেকে তিন মাসের মধ্যে অনুষ্ঠিতব্য পরবর্তী বৈঠকে মেকানিক্যাল বিভাগও অ্যাক্রেডিটেশনের আওতায় আসবে।
এ অ্যাক্রেডিটেশন পাওয়ার ফলে সংশ্লিষ্ট বিভাগগুলোর শিক্ষার মান আন্তর্জাতিক মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ হিসেবে স্বীকৃতি পায়। এর মাধ্যমে শিক্ষার্থীরা বিদেশি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য আবেদনকালে বাড়তি গ্রহণযোগ্যতা পাবে, স্কলারশিপের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব পড়বে এবং বহুজাতিক প্রতিষ্ঠানে চাকরির ক্ষেত্রে প্রতিযোগিতামূলক অবস্থান তৈরি হবে। পাশাপাশি, কারিকুলাম ও শিক্ষাদানের গুণগত মান নিয়মিত পর্যবেক্ষণের আওতায় থাকায় শিক্ষার সামগ্রিক মানোন্নয়নও নিশ্চিত হবে।
এছাড়া ভবিষ্যতে ওয়াশিংটন অ্যাক্রোডের (Washington Accord) মতো আন্তর্জাতিক চুক্তির সাথে সম্পৃক্ততার সুযোগ তৈরি হলে এ স্বীকৃতি শিক্ষার্থীদের বৈশ্বিক কর্মসংস্থান ও পেশাগত স্বীকৃতি অর্জনের পথ আরো সহজ করবে।
বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা মনে করছেন, এ অর্জন রুয়েটের অ্যাকাডেমিক উৎকর্ষতার ধারাবাহিকতারই প্রতিফলন এবং এটি ভবিষ্যতে অন্য বিভাগগুলোর জন্যও অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।



