ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক আলফেছানীর যোগদান

বিগত প্রশাসনের কাজগুলোকে এগিয়ে নেয়াই হবে আমার মূল লক্ষ্য। এই বিশ্ববিদ্যালয়ের সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক। তাই বিশ্ববিদ্যালয়ের সম্মান ও মর্যাদা রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করব। দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য সবার কাছে দোয়া চান প্রো-ভিসি।

নয়া দিগন্ত অনলাইন
ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী
ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী |ইন্টারনেট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন প্রো-ভিসি (প্রশাসন) হিসেবে যোগ দিয়েছেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী।

আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর আর্টিকেল ১৩ (১) অনুযায়ী তাকে নিয়োগ দেয়া হয়।

নিয়োগ লাভের পর বিকেলে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। দায়িত্ব গ্রহণের পর ফুলেল শুভেচ্ছা ও উপহার প্রদান থেকে বিরত থাকার জন্য সবার প্রতি অনুরোধ জানান তিনি।

ঢাবি ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, সদ্য বিদায়ী প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, বিভাগের চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালকসহ বিপুল সংখ্যক শিক্ষক ও কর্মকর্তা অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে নবনিযুক্ত প্রো-ভিসিকে স্বাগত জানিয়ে ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় একটি ঐতিহ্যবাহী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। দল-মতের ঊর্ধ্বে উঠে এখানে অ্যাকাডেমিক পরিবেশ বজায় রাখা অত্যন্ত জরুরি। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক উৎকর্ষ, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন।

দায়িত্ব গ্রহণের পর অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ও সুনাম অক্ষুণ্ণ রাখতে নিষ্ঠার সাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

তিনি বলেন, বিগত প্রশাসনের কাজগুলোকে এগিয়ে নেয়াই হবে আমার মূল লক্ষ্য। এই বিশ্ববিদ্যালয়ের সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক। তাই বিশ্ববিদ্যালয়ের সম্মান ও মর্যাদা রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করব। দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য সবার কাছে দোয়া চান প্রো-ভিসি।