এইচএসসি পরীক্ষা

রেজিস্ট্রেশন জটিলতা নিরসনে ৮ জুনের মধ্যে বোর্ডে যোগাযোগের নির্দেশ

এইচএসসি পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন সংক্রান্ত জটিলতা সমাধানের জন্য আগামী ৮ জুনের মধ্যে শিক্ষার্থীর প্রয়োজনীয় কাগজপত্রসহ শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শকের দফতরে নির্ধারিত সময়ের মধ্যে যোগাযোগ করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
এইচএসসি পরীক্ষার্থী
এইচএসসি পরীক্ষার্থী |প্রতীকী

দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সংক্রান্ত জটিলতা নিরসনে আগামী ৮ জুনের মধ্যে শিক্ষা বোর্ডে যোগাযোগ করতে নির্দেশ দেয়া হয়েছে।

আজ রোববার দুপুর ১২টায় দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো: বোরহান উদ্দিন এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, দিনাজপুর শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন সংক্রান্ত কোনো সমস্যা থাকলে ওই শিক্ষার্থীদের আগামী ৮ জুনের মধ্যে কাগজপত্রসহ বোর্ডে যোগাযোগ করতে বলা হয়েছে।

শিক্ষা বোর্ড সূত্র জানায়, দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ এ সংক্রান্ত এক পত্রের মাধ্যমে শিক্ষা বোর্ডের অধীন আট জেলার সব কলেজ প্রধানকে গত ৬ জুন বিষয়টি অবহিত করা হয়।

শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত ও কলেজগুলোতে প্রেরিত পত্রে বলা হয়, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন সংক্রান্ত জটিলতা সমাধানের জন্য আগামী ৮ জুনের মধ্যে শিক্ষার্থীর প্রয়োজনীয় কাগজপত্রসহ (মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট, কলেজ ভর্তির কাগজ) শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শকের দফতরে নির্ধারিত সময়ের মধ্যে যোগাযোগ করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

দিনাজপুর শিক্ষা বোর্ডের এ সংক্রান্ত প্রেরিত পত্র শিক্ষা বোর্ডের আওতাধীন সব উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ এবং প্রতিষ্ঠান প্রধানদের কাছে পাঠানো হয়েছে।

সূত্রটি জানায়, আগামী ২ জুলাই থেকে সারাদেশে ২০২৬ সালের এইচএসসি এবং সমমান পরীক্ষা শুরু হবে। ৮ আগস্ট পর্যন্ত পরীক্ষা চলবে। এছাড়া ব্যবহারিক পরীক্ষা ১৫ আগস্টের মধ্যে সম্পন্ন করতে নির্দেশনা দেয়া হয়েছে।

সূত্র : বাসস