জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) প্রচেষ্টায় শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশার পরিপ্রেক্ষিতে ক্যাম্পাস থেকে চন্দ্রা রুটে বাস সার্ভিস চালু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সপ্তাহে দুই দিন (রবি ও বৃহস্পতিবার) এই সার্ভিস পরিচালিত হবে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে থেকে আনুষ্ঠানিকভাবে বাসটির উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে দীর্ঘ পাঁচ থেকে ছয় মাসের প্রক্রিয়া শেষে এই সার্ভিস চালু করা সম্ভব হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নে সর্বদা আন্তরিক। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা চন্দ্রা রুট পুনরায় চালু এবং ভবিষ্যতে সাইনবোর্ড পর্যন্ত রুট সম্প্রসারণের বিষয়টি প্রশাসন ও জাকসুর যৌথ সিদ্ধান্তে নেয়া হয়েছে।’
তিনি আরো বলেন, ‘বর্তমানে বিশ্ববিদ্যালয়ের পরিবহন খাত ব্যয়বহুল হওয়ায় সীমিত বাজেটের মধ্যেই এই উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সাথেও প্রয়োজনীয় অর্থায়ন নিয়ে আলোচনা চলছে।’
বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ১২টি দ্বিতল বাস এবং আউটসোর্সিংয়ের মাধ্যমে পরিচালিত পাঁচটি বড় বাস রয়েছে বলেও জানান তিনি।
শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘এই বাস সার্ভিস শুধুমাত্র শিক্ষার্থীদের জন্য নির্ধারিত এবং পরিবহন শাখাকে এ বিষয়ে কঠোর নজরদারি রাখতে হবে।’
এদিকে, জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু বলেন, ‘শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এই বাস সার্ভিস চালু করা হয়েছে। বাস সংকট ও বিভিন্ন জটিলতা থাকা সত্ত্বেও জাকসু শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।’
তিনি জানান, ‘ভবিষ্যতে এই রুট গাজীপুর চৌরাস্তা পর্যন্ত সম্প্রসারণের বিষয়েও প্রশাসনের সাথে আলোচনা চলছে।’
এছাড়া যাত্রাবাড়ী হয়ে সাইনবোর্ড রুটেও শিগগিরই নতুন বাস সার্ভিস চালু করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এসময় জাকসুর পরিবহন ও যোগাযোগ সম্পাদক তানভীর রহমান বলেন, ‘শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে জাকসুর কার্যনির্বাহী সভায় বিষয়টি অ্যাজেন্ডাভুক্ত করা হয় এবং প্রশাসনের অনুমোদনের মাধ্যমে আজ থেকে এই সেবা চালু করা হলো। প্রতি বৃহস্পতিবার গাজীপুর, আশুলিয়া ও চন্দ্রা সংলগ্ন এলাকার অনেক শিক্ষার্থী বাড়ি ফিরে এবং রোববার ক্যাম্পাসে আসে। তাদের যাতায়াতের সুবিধার কথা বিবেচনায় এনে এই রুটে বাস চালুর উদ্যোগ নেয়া হয়েছে।’
তিনি আরো বলেন, ‘শিক্ষার্থীদের দৈনন্দিন চলাচল সহজ করতে এর আগে ক্যাম্পাসে অটোরিকশা চালু, কার্টের সংখ্যা বৃদ্ধি, রাত ১০টার বাস সার্ভিস চালু, নির্দিষ্ট দিনে অতিরিক্ত ট্রিপ সংযোজন, বিসিএস-বিজেএস পরীক্ষার্থীদের জন্য বিশেষ বাস সার্ভিস এবং ঈদে বিভাগীয় শহরে বাস চালুর মতো উদ্যোগ নেয়া হয়েছে।’
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সভাপতি মৃধা মো: শিবলী নোমান, জাকসু জিএস মো: মাজহারুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।



