‘বাংলাদেশ প্রাইভেট মাদরাসা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র উদ্যোগে কেন্দ্রীয় প্রশিক্ষণ কর্মশালা, পূর্ণাঙ্গ কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত ইউসেপ বাংলাদেশ, মিরপুর-২-এ সভাটি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক। এ ছাড়াও দেশবরেণ্য ওলামায়ে কেরাম ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পাঠ্য শিক্ষার পাশাপাশি চরিত্র গঠন, শিষ্টাচার, তাকওয়া ও মানবিকতার সমন্বয়ে শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে তোলা হবে। সংগঠনটি সম্পূর্ণ খেদমতমূলক; কোনো বাণিজ্যিক উদ্দেশ্য নেই। মজলুম ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং ন্যায় প্রতিষ্ঠা এর অন্যতম লক্ষ্য।
সংগঠনটির লক্ষ্য কেবল প্রাতিষ্ঠানিক কার্যক্রম পরিচালনা নয়; বরং মানবকল্যাণ, নৈতিকতা ও আধ্যাত্মিক উন্নয়নের মাধ্যমে একটি সুশৃঙ্খল ও মননশীল প্রজন্ম গড়ে তোলা। এ লক্ষ্যে প্রাইভেট মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও উল্লেখ করা হয়।
প্রথম অধিবেশনে ‘মুহতামিমদের দক্ষতা উন্নয়নে পথ ও পাথেয়’ বিষয়ে প্রশিক্ষণ দেন মুফতি মোহাম্মদ মুসা খান। একই অধিবেশনে ‘প্রতিষ্ঠানের প্রচারণা কৌশল ও দাওয়াহ’ বিষয়ে আলোচনা করেন নাসিফ মুহাম্মাদ।
শেষপর্বে পূর্ণাঙ্গ কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং একটি আদর্শ শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করা হয়।



