ঢাবি প্রতিনিধি
সমাজ ও মানুষের কল্যাণে কাজ করার পাশাপাশি শিক্ষার্থীদের দ্বারা সমাজ ও মানুষ যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে নবীন শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
সোমবার (২৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের শিক্ষার্থীদের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দফতর এই অনুষ্ঠানের আয়োজন করে।
প্রধান অতিথির বক্তব্যে ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধনী-গরিব, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য শিক্ষার সমান সুযোগ রয়েছে। সময় ও সুযোগের যথাযথ সদ্ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীদের ভালো মানুষ ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে। পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে দক্ষতা অর্জন করে যুগোপযোগী গ্র্যাজুয়েট হিসেবে নিজেদের প্রস্তুত করার জন্যও তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। এ ছাড়া শুধু পুঁথিগত বিদ্যার মধ্যে আবদ্ধ না থেকে বিভিন্ন সহশিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণের ওপরও তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।
ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দফতরের পরিচালক অধ্যাপক ড. মেহজাবীন হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মঈনুল ইসলাম এবং ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজের পরিচালক ড. মোহাম্মদ মনিরুজ্জামান খান। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের পক্ষে অনুভূতি ব্যক্ত করেন কমিউনিকেশন ডিজঅর্ডারস বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী বিশাখা দত্ত এবং ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজের ১ম বর্ষের শিক্ষার্থী প্রথমা গাঙ্গুলী। এ সময় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান ও ছাত্র-উপদেষ্টাগণ উপস্থিত ছিলেন।
এই পরিচিতি সভায় সামাজিক বিজ্ঞান অনুষদ এবং সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট, আধুনিক ভাষা ইনস্টিটিউট, স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট, তথ্য প্রযুক্তি ইনস্টিটিউট, ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ ও লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।



