জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) থিয়েটারের (অডিটরিয়াম) উদ্যোগে ২৮ এপ্রিল থেকে শুরু হচ্ছে চার দিনব্যাপী ‘নাট্য উৎসব ২০২৬’। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে ঘিরে ধারাবাহিক নাট্যচর্চার অংশ হিসেবে আয়োজিত এ উৎসবে দেশসেরা নাট্যদলগুলোর অংশগ্রহণে প্রতিদিন মঞ্চায়িত হবে বিভিন্ন প্রযোজনা।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) অনুষ্ঠানের আহ্বায়ক ঐশিক সামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংস্কৃতিক রাজধানী হিসেবে খ্যাত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অন্যতম প্রাচীন নাট্যসংগঠন জাহাঙ্গীরনগর থিয়েটার দীর্ঘ ৪৬ বছর ধরে নাট্যচর্চা করে আসছে। সেই ধারাবাহিকতায় এবারও ‘মানুষ বেঁচে থাকে শিল্পের হাসি নিয়ে’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজন করা হয়েছে এবারের উৎসব। ২৮ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত চলবে এই আয়োজন।
উৎসবের প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টায় মঞ্চায়িত হবে নাটক। ২৮ ও ২৯ এপ্রিল মঞ্চে আসবে ঢাকা থিয়েটারের ‘ধূসরপত্র’ এবং জাহাঙ্গীরনগর থিয়েটারের ‘স্বপ্নস্বপ্ন’। এছাড়া ৩০ এপ্রিল অনুষ্ঠিত হবে বিশেষ আয়োজন ‘মধ্যরাতে কবিতা ও গান’। ১ মে জহির রায়হান মিলনায়তনের ৩০ নম্বর কক্ষে অনুষ্ঠিত হবে পুনর্মিলনী অনুষ্ঠান।
এবার জাহাঙ্গীরনগর থিয়েটার পদক ২০২৬ (নাট্য ব্যক্তিত্ব) পাচ্ছেন দিলারা জামান। একই পদকের শিক্ষাবিদ ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ইমেরিটাস অধ্যাপক অজয় কুমার বসাক। ২৮ এপ্রিল তাদের হাতে আনুষ্ঠানিকভাবে পদক তুলে দেয়া হবে। পাশাপাশি ২৯ এপ্রিল ‘আলতাফ কুমার রায় পদক ২০২৬’ গ্রহণ করবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও থিয়েটারকর্মী মরিয়ম আক্তার।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, সংস্কৃতি চর্চার ধারাবাহিকতা বজায় রাখার প্রয়াস হিসেবে এই উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং দর্শকদের সক্রিয় অংশগ্রহণ আয়োজনকে আরো সমৃদ্ধ করবে।



