কারিগরি শিক্ষার্থীদের উপবৃত্তি সংক্রান্ত তথ্য অ্যান্ট্রির সময় বাড়ল

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আজ থেকে আগামী ১৪ মে পর্যন্ত শিক্ষার্থীদের তথ্য অ্যান্ট্রি ও আপডেটের সুযোগ পাবে।

নয়া দিগন্ত অনলাইন

দেশের কারিগরির বিভিন্ন শিক্ষাক্রমের শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদানের লক্ষ্যে তথ্য অ্যান্ট্রি ও আপডেটের সময়সীমা আগামী ১৪ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।

আজ রোববার কারিগরি অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এইচএসসি (ভোকেশনাল), এইচএসসি (বিএমটি), এসএসসি ও দাখিল (ভোকেশনাল) ও ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির (ভোকেশনাল) নতুন শিক্ষার্থীদের তথ্য অ্যান্ট্রি এবং বিদ্যমান শিক্ষার্থীদের তথ্য আপডেট করার কাজ অনেক শিক্ষাপ্রতিষ্ঠান এখনো শেষ করতে পারেনি। এ কারণে উপবৃত্তি বিষয়ক কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আজ থেকে আগামী ১৪ মে পর্যন্ত শিক্ষার্থীদের তথ্য অ্যান্ট্রি ও আপডেটের সুযোগ পাবে। পরবর্তী সময়ে আঞ্চলিক পরিচালকের কার্যালয় থেকে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে কারিগরি শিক্ষা অধিদফতরে চূড়ান্ত তথ্য পাঠানোর সর্বশেষ তারিখ ১৮ মে নির্ধারণ করা হয়েছে।

অধিদফতরের পরিচালক (পিআইইউ) প্রকৌশলী মো: মাকসুদুর রহমান জানান, নির্দিষ্ট সময়ের মধ্যে তথ্য হালনাগাদ নিশ্চিত করতে দেশের সকল পলিটেকনিক, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ও সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধানদের নির্দেশনা দেয়া হয়েছে।

উপবৃত্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও কারিগরি সহায়তার জন্য কারিগরি শিক্ষা অধিদফতরের ওয়েবসাইট (www.techedu.gov.bd) দেখার পরামর্শ দেয়া হয়েছে।

সূত্র : বাসস