অভিযোগ ছাত্রশিবিরের

বৈধ আবাসিক কার্ড ছাড়াই রাবির হলে ছাত্রদলের ৩ কর্মী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে বৈধ আবাসিক কার্ড ছাড়াই ছাত্রদলের তিন কর্মী অবস্থান করছেন বলে অভিযোগ উঠেছে।

রাবি প্রতিনিধি

Location :

Rajshahi
বৈধ আবাসিক কার্ড ছাড়াই রাবির হলে ছাত্রদলের ৩ কর্মী
বৈধ আবাসিক কার্ড ছাড়াই রাবির হলে ছাত্রদলের ৩ কর্মী |নয়া দিগন্ত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে বৈধ আবাসিক কার্ড ছাড়াই ছাত্রদলের তিন কর্মী অবস্থান করছেন বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় সোমবার (২৯ জুন) মানববন্ধনের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির।

অভিযুক্তরা হলেন—ইসলামিক স্টাডিজ বিভাগের লতিফুর রহমান, বাংলা বিভাগের আরিফ শাহরিয়ার এবং ফার্মেসি বিভাগের নাহিদুল ইসলাম। শাখা ছাত্রদলের বিভিন্ন কর্মসূচিতে তাদের অংশগ্রহণ দেখা যায়।

সোহরাওয়ার্দী হলের অফিস সহকারী মো: আব্দুর রহিম বলেন, ‘সংশ্লিষ্ট রুমগুলোতে সিট খালি থাকলেও উল্লিখিত তিন শিক্ষার্থীর নামে কোনো বৈধ আবাসিক কার্ড ইস্যু করা হয়নি।’

অভিযোগের বিষয়ে নাহিদুল ইসলাম বলেন, ‘আমার হলের কার্ড আছে কি না, সেটা আমি কেন বলব?’

আরিফ শাহরিয়ার বলেন, ‘আমি এক বড় ভাইয়ের সিটে থাকি। তিনি হলে থাকেন না।’

লতিফুর রহমান জানান, তার অ্যাটাচমেন্ট অন্য হলে হলেও মেস পরিবর্তনের কারণে এক বড় ভাইয়ের অনুমতি নিয়ে প্রায় ১৫–২০ দিন সোহরাওয়ার্দী হলে ছিলেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, ‘আমি তাদের চিনি না। তারা ছাত্রদল করে কি না, তাও জানি না। ছাত্রদলের নামে কাউকে অবৈধভাবে হলে উঠতে দেয়া হবে না। অভিযোগ সত্য হলে বিষয়টি প্রশাসন দেখবে।’

এদিকে পৃথক এক বিবৃতিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির অভিযোগ করে, আবাসিক হলে অবৈধ সিট দখলের সংস্কৃতি ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

সোহরাওয়ার্দী হলের প্রাধ্যক্ষ ড. মো: আরিফুল ইসলাম বলেন, ‘অভিযোগের সত্যতা যাচাই করা হবে। অবৈধভাবে হলে অবস্থানকারীদের হল ছাড়ার নির্দেশ দিয়ে ইতোমধ্যে নোটিশ দেয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’