গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ও বাংলাদেশের লিডিং প্রযুক্তি প্রতিষ্ঠান বিটোপিয়ার মাঝে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ডুয়েটের ভিসির সভাকক্ষে এ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন ও প্রো-ভিসি অধ্যাপক ড. মো: আরেফিন কাওসার।
ডুয়েটের পক্ষে এমওইউতে স্বাক্ষর করেন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো: আবু তৈয়ব এবং বিটোপিয়ার পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক জনাব মো: মনির হোসাইন।
এ সময় ভিসি বলেন, ‘অ্যাকাডেমিয়া-ইন্ডাস্ট্রিয়াল কোলাবোরেশান, শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রিয়াল এক্সপোজার, ইন্টার্নশিপ প্রদান এবং মানবসম্পদ উন্নয়নে ডুয়েট ও বিটোপিয়া গ্রুপ একসাথে কাজ করবে। এজন্য ডুয়েটের পক্ষ থেকে পরামর্শক সেবা প্রদান থেকে শুরু করে ডিজাইন, উন্নয়ন, উৎপাদন ও বিপণনে সার্বিক সহযোগিতা করা হবে।’
আইটি ইনকিউবেশন অ্যান্ড ইন্ডাস্ট্রি এক্সপোজার, ট্যালেন্ট ডেভেলপমেন্ট অ্যান্ড রিক্রুটমেন্ট, বিজিনেস-ইউনিভার্সিটি-গভর্নমেন্ট (বি টু ইউ টু জি), কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিংয়ের ক্ষেত্রে যৌথ কার্যক্রম প্রসারিত করার প্রত্যয়ে এমওইউ স্বাক্ষর অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পক্ষে আরো উপস্থিত ছিলেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক অনুষদের ডিন অধ্যাপক ড. রুমা, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. মমতাজ বেগম, মেটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. হাসান মোহাম্মদ মোস্তফা আফরোজ, আইসিটি সেলের চেয়ারম্যান অধ্যাপক ড. ফজলুল হাসান সিদ্দিকী প্রমুখ।
বিটোপিয়া গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন গ্রুপটির প্রশাসন ও আইন শাখার প্রধান মো: রেজাউল করিম, মানবসম্পদ বিভাগের প্রধান মো: সাজেদুল ইসলাম এবং চিফ স্ট্র্যাটেজি অফিসার মো: আশরাফুল মামুনসহ অন্য কর্মকর্তারা।
উল্লেখ্য, বিটোপিয়া গ্রুপ বাংলাদেশের দ্রুত বর্ধনশীল একটি প্রযুক্তি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ক্লাউড সলিউশন, ডাটা সেন্টার, বিপিও ও ফিনটেকের মতো প্রযুক্তি নিয়ে কাজ করে। বর্তমানে এশিয়া, আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশে তাদের ব্যবসায়িক কার্যক্রম বিস্তৃত আছে।



