৩ দেশ সফরে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

সফরকালে তিনি আন্তালিয়া ডিপ্লোম্যাসি ফোরাম ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সাথে একটি গুরুত্বপূর্ণ অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেবেন।

নয়া দিগন্ত অনলাইন
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান |ফাইল ছবি

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান তিন দেশ সফরের উদ্দেশে আজ বৃহস্পতিবার ঢাকা ছেড়েছেন।

এ সফরে তিনি তুরস্ক, বেলজিয়াম ও ইথিওপিয়া যাবেন।

সফরকালে তিনি আন্তালিয়া ডিপ্লোম্যাসি ফোরাম ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সাথে একটি গুরুত্বপূর্ণ অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মন্ত্রী সফরের শুরুতে ১৭ থেকে ১৯ এপ্রিল তুরস্কে অনুষ্ঠেয় আন্তালিয়া ডিপ্লোম্যাসি ফোরামে অংশ নেবেন।

তিন দিনের এ ফোরাম শেষে ড. খলিলুর রহমান বেলজিয়ামের ব্রাসেলস যাবেন। সেখানে তিনি বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ‘ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট অন কমপ্রিহেনসিভ পার্টনারশিপ অ্যান্ড কো-অপারেশন’ স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেবেন।

সফর শেষে দেশে ফেরার পথে তিনি ইথিওপিয়ার আদ্দিস আবাবায় যাত্রাবিরতি করবেন বলে আশা করা হচ্ছে। আগামী ২৪ এপ্রিল পররাষ্ট্রমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

সূত্র : বাসস