ওয়াশিংটন ডিসি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার এবং বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাউয়ের সাথে এক উচ্চপর্যায়ের বৈঠক করেছেন বাংলাদেশী শিল্পপ্রতিষ্ঠান প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সীকম গ্রুপের চেয়ারম্যান আমিরুল হক ও একটি উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদল।
গত মঙ্গলবার (৫ মে) স্থানীয় সময় বেলা ১১টায় ওয়াশিংটন ডিসিতে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনসহ দু’দেশের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সম্পর্ক, বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ সহযোগিতা এবং প্রতিবন্ধকতামুক্ত ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এছাড়া এলপিজি, পেট্রোকেমিক্যাল, কৃষি-প্রক্রিয়াজাত শিল্প, উৎপাদনমুখী বিভিন্ন খাতে যৌথ বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
প্রতিনিধিদলে সীকম গ্রুপের পরিচালক সামির হকও উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের উচ্চপর্যায়ের সংলাপ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো সুদৃঢ় করবে এবং ভবিষ্যতে নতুন বিনিয়োগ ও শিল্প সহযোগিতার সুযোগ সৃষ্টি করবে।
আমিরুল হক বর্তমানে বাংলাদেশ সিমেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এবং এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতির দায়িত্ব পালন করছেন।



