বাংলাদেশের সাথে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করাই যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার : সার্জিও গর

এ সফরের মাধ্যমে দু’দেশের অর্থনৈতিক সম্পৃক্ততা সম্প্রসারণ এবং সামগ্রিক অংশীদারিত্ব জোরদার করার ক্ষেত্রে ওয়াশিংটনের গুরুত্বকে প্রতিফলিত করে।

নয়া দিগন্ত অনলাইন
প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে মার্কিন বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও গর
প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে মার্কিন বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও গর |পিএমও’র ভিডিও থেকে নেয়া

দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও গর বলেছেন, বাংলাদেশের সাথে অর্থনৈতিক সহযোগিতা এবং সামগ্রিক অংশীদারিত্ব আরো জোরদার করা যুক্তরাষ্ট্রের অন্যতম অগ্রাধিকার।

শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

সার্জিও গর বলেন, ‘আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাতে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং আমাদের অংশীদারিত্ব শক্তিশালী করার করার গুরুত্বপূর্ণ সম্ভাবনা নিয়ে আলোচনা করার সুযোগ হয়েছে।’

তিনি বলেন, ‘এটি যুক্তরাষ্ট্রের একটি অগ্রাধিকার এবং আমরা একসাথে কাজ করলে বাস্তব সাফল্য অর্জন করতে পারব।’

গত ৩০ জুলাই তিন দিনের সফরে ঢাকায় পৌঁছান সার্জিও গর। সফরের প্রথম দিনে তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সাথে বৈঠক করেন।

আজ সকালে তিনি তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সফরের মাধ্যমে দু’দেশের অর্থনৈতিক সম্পৃক্ততা সম্প্রসারণ এবং সামগ্রিক অংশীদারিত্ব জোরদার করার ক্ষেত্রে ওয়াশিংটনের গুরুত্বকে প্রতিফলিত করে।

সূত্র : বাসস