মুন্সীগঞ্জের চর-বাংলাবাজারে বাবা মনির মোল্লা হত্যার সাথে জড়িতদের বিচারের দাবি জানিয়েছেন তার সন্তানরা।
মঙ্গলবার দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান নিহতের তিন সন্তান- মো: তমিজ মোল্লা, মো: তাইজুল মোল্লা ও মো: শ্যামল মোল্লা। এ সময় পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে মো: শ্যামল মোল্লা জানান, আমাদের বাবা মনির মোল্লা পেশায় একজন কৃষক ছিলেন। গত ৪ মার্চ সকাল সাড়ে ৭টার দিকে আমার বাবা ও মায়ের মধ্যে ঝগড়া হয়। প্রতিবেশী নিজাম মিজি ঝগড়া মিটিয়ে দেয়ার কথা বলে তার বাড়িতে বাবা-মাকে ডেকে নিয়ে কাঠের ডাসা দিয়ে বেদম পোটাতে থাকেন। তখন বাবা জ্ঞান হারিয়ে ফেলেন। বাবাকে পেটানোর দৃশ্য দেখে তাকে বাঁচানোর জন্য মা এগিয়ে গেলে তাকেও মারধর করা হয়।
পরে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু গত ৫ মার্চ সকাল সাড়ে ৭টার দিকে ছোট ভাই তাইজুল মোল্লার ঢাকার ডেমরা থানা এলাকার বাসায় তার মৃত্যু হয়।
ডেমরা থানা পুলিশ ডিজিমূলে বাবার লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ও ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে প্রেরণ করে। এই ঘটনায় মুন্সীগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হলেও পুলিশ রহস্যজনক কারণে কাউকে গ্রেফতার করতে পারেনি।
এক প্রশ্নের জবাবে শ্যামল আরো জানান, ঘাতক নিজাম মিজির সাথে তাদের বাবার পূর্ব বিরোধ ছিলো। যা নিয়ে থানায় মামলাও চলমান রয়েছে। ওই ক্ষোভ মেটাতে নিজাম সালিশের নামে তার বাবাকে পরিকল্পিতভাবে পিটিয়ে হত্যা করেছে।



