কক্সবাজারে ৫০ কেজি গাঁজাসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।
বুধবার (২৯ এপ্রিল) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি জানান, কক্সবাজারের উখিয়া থানাধীন মেরিন ড্রাইভ-সংলগ্ন সফির বিল এলাকায় মাদক পাচারকারীদের মাদক পাচারের উদ্দেশ্যে অবস্থানের গোপন খবর পেয়ে মঙ্গলবার মধ্যরাত ১টায় কোস্ট গার্ড স্টেশন ইনানী ওই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় এক মাদক পাচারকারীকে আটক করা হয় এবং ঘটনাস্থল হতে প্রায় ১৫ লাখ টাকা মূল্যের ৫০ কেজি গাঁজা জব্দ করা হয়।
তিনি আরো জানান, জব্দকৃত গাঁজা ও আটক মাদক পাচারকারীর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।



