রাজধানীর কদমতলীতে দুই গ্রুপের গোলাগুলি, শ্রমিক দল নেতা গুলিবিদ্ধ

‘কদমতলী এলাকা থেকে রনি নামে এক যুবক বাম পায়ের হাঁটুর ওপরে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে এসেছেন। বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করেছি।’

নিজস্ব প্রতিবেদক
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল |সংগৃহীত

রাজধানীর কদমতলীর রসুলপুর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে মোহাম্মদ রনি (২৮) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। আহত রনি কদমতলী থানার ৫৯ নম্বর ওয়ার্ডের (ঢাকা ম্যাচ ইউনিট) শ্রমিক দলের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

বুধবার (৬ মে) বিকেল সাড়ে ৫টার দিকে এ সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে।

বর্তমানে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রনির পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, পেশায় লাকড়ি ব্যবসায়ী রনি বিকেলে রসুলপুর এলাকায় অবস্থান করছিলেন। এ সময় ওই এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় দু’টি গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষ গোলাগুলিতে জড়িয়ে পড়লে রনি গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যা ৭টার দিকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

আহত রনির চাচাতো ভাই মোহাম্মদ হাসান জানান, রনি কদমতলী থানার ৫৯ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। তাদের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার বড়কুল পাটোয়ারী এলাকায়। তিনি মরহুম বিল্লাল হোসেনের ছেলে। বর্তমানে তিনি কদমতলীর ঢাকা ম্যাচ নতুন কলোনি রেললাইন বাজার এলাকায় ভাড়া বাসায় থাকেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘কদমতলী এলাকা থেকে রনি নামে এক যুবক বাম পায়ের হাঁটুর ওপরে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে এসেছেন। বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করেছি।’