বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চুরির রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতাররা অসাধু চোর চক্রের সক্রিয় সদস্য। তারা সুপার স্পেশালাইজড হাসপাতালের অব্যবহৃত নির্মাণসামগ্রীর অংশ (স্ক্রাব) মালামাল চুরি করেছে মর্মে স্বীকার করে।

নয়া দিগন্ত অনলাইন

রাজধানীর শাহবাগে অবস্থিত বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতাল থেকে মূল্যবান নির্মাণসামগ্রীর অংশ (স্ক্রাব) চুরির ঘটনায় চোরাই মালামাল উদ্ধার ও রহস্য উদ্ঘাটনসহ তিনজনকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ডিএমপির মিডিয়া বিভাগ বিষয়টি নিশ্চিত করে। গ্রেফতাররা হলেন- আল মামুন সরকার (৩৩), মো: মামুনুর রশীদ (৪০) ও মো: মাসুম বিল্লাহ (৩৫)।

শাহবাগ থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (২১ এপ্রিল) ভোর ৬টার দিকে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সংযুক্ত সুপার স্পেশালাইজড হাসপাতালের বেজমেন্ট-২ এর নির্মাণাধীন প্রকল্পের ভবনের প্রকৌশল শাখার মূল্যবান নির্মাণসামগ্রীর অংশ (স্ক্রাব) মিনি ট্রাকের মাধ্যমে কতিপয় ব্যক্তি চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় শাহবাগ থানায় একটি চুরির মামলা রুজু করা হয়।

শাহবাগ থানা সূত্রে আরো জানা যায়, মামলাটি রুজুর পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে সুপার স্পেশালাইজড হাসপাতাল থেকে মামুন সরকার ও মো: মামুনুর রশীদকে গ্রেফতার করা হয়।

একই তারিখ রাত সাড়ে ১১টার দিকে বাড্ডা থানা এলাকা থেকে মো: মাসুম বিল্লাহকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ৪ মিনি ট্রাক নির্মাণসামগ্রীর অংশ (স্ক্রাব) মালামাল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১০ লাখ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতাররা অসাধু চোর চক্রের সক্রিয় সদস্য। তারা সুপার স্পেশালাইজড হাসপাতালের অব্যবহৃত নির্মাণসামগ্রীর অংশ (স্ক্রাব) মালামাল চুরি করেছে মর্মে স্বীকার করে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।