মাকে অচেতন করে বান্ধবীকে নিয়ে উধাও দুই বোন, উদ্ধার করলো পুলিশ

পল্লবী থানা পুলিশের একটি টিম অনুসন্ধান চালিয়ে বৃহস্পতিবার (৪ জুন) দিবাগত রাত ৩টা ৫ মিনিটে মোহাম্মদপুর থানাধীন ঢাকা উদ্যান এলাকার একটি বাসা থেকে তিনজনকেই উদ্ধার করে।

নিজস্ব প্রতিবেদক
উদ্ধারকৃত তিন কিশোরীকে তাদের স্ব-স্ব পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
উদ্ধারকৃত তিন কিশোরীকে তাদের স্ব-স্ব পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। |নয়া দিগন্ত

থানায় দায়েরকৃত নিখোঁজ জিডির ভিত্তিতে তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে মোহাম্মদপুর থানাধীন ঢাকা উদ্যান এলাকা থেকে তিন কিশোরীকে উদ্ধার করেছে ডিএমপির পল্লবী থানা পুলিশ।

ডিএমপির উপপুলিশ কমিশনার (মিডিয়া) এন এম নাসিরুদ্দিন উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পল্লবী থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (২ জুন) জনৈক মো: হাসিবুর রহমান রনি থানায় এসে জানান যে, তার মেয়ে মানহা হাসিব রাইসা (১৭) গত সোমবার (১ জুন) বিকেল ৪টার দিকে তার বান্ধবী দিপীকা (১৭) ও দিপীকার ছোট বোন দিয়াকে (১৩) নিয়ে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। এ ব্যাপারে গত ২ জুন পল্লবী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয় যার নম্বর-১১১। একইদিন তেজগাঁও শিল্পাঞ্চল থানায় দিপীকার পরিবারের পক্ষ থেকেও দুটি নিখোঁজ সাধারণ ডায়েরি (নং-১০৭ ও ১০৮) করা হয়।

পল্লবী থানা পুলিশের একটি টিম অনুসন্ধান চালিয়ে বৃহস্পতিবার (৪ জুন) দিবাগত রাত ৩টা ৫ মিনিটে মোহাম্মদপুর থানাধীন ঢাকা উদ্যান এলাকার একটি বাসা থেকে তিনজনকেই উদ্ধার করে।

পল্লবী থানা সূত্রে আরো জানা যায়, আগারগাঁও তালতলা কলোনি সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী দিপীকা (বিজ্ঞান বিভাগ) ও মানহা হাসিব রাইসা (ব্যবসায় শিক্ষা বিভাগ) একে অপরের প্রতি গভীর আকর্ষণ অনুভব করতো। উভয় পরিবার এ বিষয়ে অবগত ছিল এবং তাদের দেখা-সাক্ষাৎ ও যোগাযোগে বাধা দিত।

এ পরিস্থিতিতে পূর্বপরিকল্পনা অনুযায়ী দিপীকা গত সোমবার (১ জুন) দুপুরে তার মাকে কোকের সাথে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে নগদ টাকা, স্বর্ণালংকার ও কাপড়-চোপড়সহ তার ছোট বোন দিয়াকে সাথে নিয়ে বেরিয়ে পড়ে। পরে মানহাকে নিয়ে সিএনজিযোগে মোহাম্মদপুর থানাধীন ঢাকা উদ্যান এলাকার একটি ভাড়া বাসায় উঠে বসবাস শুরু করে।

পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত তিন কিশোরীকে তাদের স্ব-স্ব পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।