রাজধানীর বংশাল নয়াবাজার বাগডাসা লেনের একটি বাসা থেকে নিসার আলী (৫০) নামে এক ব্যক্তির হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১২ মে) সন্ধ্যার দিকে নয়াবাজার বাগডাসা লেনের একটি পাঁচ তলা ভবনের দ্বিতীয় তলার বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। তাকে হাত-পা গামছা দিয়ে এবং মুখ জানালার পর্দা দিয়ে বাঁধা অবস্থায় পাওয়া যায়।
বংশাল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল ওহাব ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসার দরজা ভেঙে ভেতরে ঢুকে খাটের ওপর থেকে লাশটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা করা হচ্ছে, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করেছে।
তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে সিআইডির ক্রাইমসিন ইউনিট বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। এটি এক দিন আগের ঘটনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
নিহত নিসার আলীর গ্রামের বাড়ি যশোরের শার্শা উপজেলার শ্যামলগাছী গ্রামে। তিনি নয়াবাজারের ওই বাসায় একাই ভাড়া থাকতেন। ইসলামপুর এলাকায় কাপড়ের ব্যবসা করতেন।
তিনি আরো জানান, বাসার মালিক মোহাম্মদ হোসেন বাবু মঙ্গলবার দুপুর ১টার দিকে বাসায় আলো জ্বলতে দেখে ডাকাডাকি করেন। কোনো সাড়াশব্দ না পেয়ে তিনি দরজার বাইরে থেকে পর্দা সরিয়ে ভেতরে তাকিয়ে ভিকটিমের পা বাঁধা অবস্থায় দেখতে পান। এরপর তিনি স্থানীয়দের বিষয়টি জানান এবং ৯৯৯-এ ফোনকল করে পুলিশে খবর দেন।
জানা যায়, নিহত নিসার আলী তিন মাস আগে ওই বাসাটি ভাড়া নিয়ে একাই বসবাস করছিলেন।



