রাঙ্গামাটির দুর্গম সীমান্ত থেকে ২০০ লিটার পেট্রোল জব্দ বিজিবির

জব্দ পেট্রোলের আনুমানিক সিজারমূল্য ২৮,০০০ (আঠাশ হাজার) টাকা।

নিজস্ব প্রতিবেদক
ছবি : নয়া দিগন্ত

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম মাঝিপাড়া সীমান্ত সড়কে অভিযান চালিয়ে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে মজুদ করা ২০০ লিটার পেট্রোল জব্দ করেছে।

বৃহস্পতিবার বিকেলে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় অসাধু ব্যবসায়ী অধিক লাভের আশায় মাঝিপাড়া সীমান্ত সড়ক ব্যবহার করে বাংলাদেশ থেকে পার্শ্ববর্তী দেশে জ্বালানি তেল পাচারের উদ্দেশ্যে মজুদ করেছে।

এ পরিপ্রেক্ষিতে সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমানের নেতৃত্বে মারিশ্যা ব্যাটালিয়নের একটি আভিযানিক দল মাঝিপাড়া সীমান্ত সড়কের উগলছড়ি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি পেট্রলের ব্যারেল ফেলে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীকালে বিজিবি সদস্যরা ঘটনাস্থল থেকে ২০০ লিটার জ্বালানি পেট্রল উদ্ধার করতে সক্ষম হয়।

জব্দ পেট্রোলের আনুমানিক সিজারমূল্য ২৮,০০০ (আঠাশ হাজার) টাকা।

এ বিষয়ে মারিশ্যা জোন কমান্ডার লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ জানান, দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালিত হচ্ছে। চোরাকারবারীরা বিভিন্ন অভিনব কৌশল অবলম্বন করে পাচার কার্যক্রম চালানোর চেষ্টা করলেও বিজিবি গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি এবং নিয়মিত টহল কার্যক্রম জোরদারের মাধ্যমে এসব প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করছে। বিজিবি সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে সর্বদা কঠোর অবস্থানে থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।