সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড মো: আব্দুস সামাদ মোল্লকে কে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে কোস্ট গার্ড।
সোমবার রাতে বাগেরহাটের রামপাল থানাধীন শুকদারা বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানান কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যক্ষ নির্দেশনায় সুন্দরবন অঞ্চলে সক্রিয় সকল বনদস্যুর বিরুদ্ধে বাংলাদেশ কোস্ট গার্ড কঠোর অবস্থানে রয়েছে। এর অংশ হিসেবে কোস্ট গার্ডের নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ এবং ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এই অভিযানের ধারাবাহিক সফলতা হিসেবে তৃতীয়বারের মতো ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’র আওতায় অভিযান চালিয়ে ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ডকে আটক করা হয়।
পরবর্তীতে তার দেয়া তথ্যে মোংলা থানাধীন সুন্দরবনের নন্দবালা খাল সংলগ্ন এলাকা থেকে একটি একনলা বন্দুক, একটি এয়ার গান ও ২ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। আটক ডাকাত মো: আব্দুস সামাদ মোল্লা (৩৫) বাগেরহাট জেলার রামপাল থানার বাসিন্দা। তিনি দীর্ঘদিন যাবৎ ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড হিসেবে ডাকাতি করে আসছিলেন।
তিনি আরো বলেন, সুন্দরবনকে সম্পূর্ণরূপে দস্যুমুক্ত করতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।



