সিলেটে মসজিদের নামকরণ নিয়ে সংঘর্ষে একব্যক্তি নিহত

শুক্রবার (১০ এপ্রিল) বিকালে সিলেট মেট্রোপলিটনের (এসএমপি) জালালাবাদ থানার আওতাধীন মোগলগাঁও ইউনিয়নের গালংশাহ গ্রামের পঞ্চায়েতি জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। নিহত দেলোয়ার হোসেন দিলবর ওই গ্রামের মৃত মখন মিয়ার ছেলে।

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো

Location :

Sylhet

সিলেটে মসজিদের নামকরণ নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনের লক্ষ্যে ডাকা সালিশ বৈঠকে দুপক্ষের মারামারিতে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম দেলোয়ার হোসেন দিলবর (৫০)।

শুক্রবার (১০ এপ্রিল) বিকালে সিলেট মেট্রোপলিটনের (এসএমপি) জালালাবাদ থানার আওতাধীন মোগলগাঁও ইউনিয়নের গালংশাহ গ্রামের পঞ্চায়েতি জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। নিহত দেলোয়ার হোসেন দিলবর ওই গ্রামের মৃত মখন মিয়ার ছেলে।

এসএমপির এডিসি মিডিয়া মো. মনজুর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত কয়েক দিন ধরে গালংশাহ গ্রামের মসজিদের নামকরণ নিয়ে দুপক্ষের বিরোধ চলে আসছিল। বিষয়টি সমাধানের লক্ষ্যে শুক্রবার জুমার পর দু'পক্ষ সালিশে বসে। এ সময় উভয়পক্ষের মধ্যে তর্কবিতর্ক সংঘাতে রূপ নিলে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন দিলবর। তাকে দ্রুত নগরের রাগীব রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এরপর সন্ধ্যায় তার লাশ ওসমানী মেডিক্যাল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

স্থানীয়দের বরাত দিয়ে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হাবীব বলেন, গালংশাহ ও খাসেরগাঁওয়ের লোকজনের মধ্যে মসজিদের নামকরণ নিয়ে কাটাকাটি হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। মারামারির সময় প্রতিপক্ষের লোকজন দেলোয়ার হোসেন দিলবরের ঘাড়ে ছুরিকাঘাত করে। এতে তার মৃত্যু হয়।

হত্যাকাণ্ডের পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয় ।