সিলেট মহানগরী আমির মুহাম্মদ ফখরুল ইসলাম

জনস্বার্থে সিলেটের ডিসি সারওয়ারের প্রত্যাহারের আদেশ বাতিল করুন

‘জুলাই অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় গিয়ে বিএনপি আওয়ামী ফ্যাসিবাদী স্টাইলে সরকার পরিচালনা করছে। অনৈতিক কর্মকান্ডের পথ প্রশস্ত করতে সিলেটের জনবান্ধব ও জনপ্রিয় ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করেছে।’

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
সিলেট মহানগরী আমির মুহাম্মদ ফখরুল ইসলাম
সিলেট মহানগরী আমির মুহাম্মদ ফখরুল ইসলাম |নয়া দিগন্ত

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমির মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, ‘জুলাই অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় গিয়ে বিএনপি আওয়ামী ফ্যাসিবাদী স্টাইলে সরকার পরিচালনা করছে। অনৈতিক কর্মকান্ডের পথ প্রশস্ত করতে সিলেটের জনবান্ধব ও জনপ্রিয় ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করেছে।’

সোমবার (২২ জুন) সিলেট মহানগর জামায়াতের কর্মপরিষদের সভায় সভাপতির বক্তব্যে ওইসব কথা বলেন।

তিনি বলেন, ‘ডিসি সারওয়ার মাদক নির্মুল, ইমাম-মুয়াজ্জিনদের জন্য কল্যাণ ফান্ড গঠন, প্রবাসীদের আবাসন পরিকল্পনা, ফুটপাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অগ্রণী ভুমিকা পালনের মাধ্যমে সিলেটবাসীর হৃদয়ে ঠাঁই করে নিয়েছিলেন। সর্বশেষ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সিলেট বিএনপি শীর্ষ নেতাদের সমন্বয়ে শাহজালালের (র.) মাজারের আয়-ব্যয়ের স্বচ্ছতা আনতে দানের ৩টি ডেগ সিলগালা করেন এবং সরকারী দানবাক্স স্থাপন করেন। এর প্রেক্ষিতে ডিসি সারওয়ারকে প্রত্যাহার করার ঘটনায় সিলেটবাসী বিস্মিত ও ক্ষুব্ধ। সাধারণ জনগণ রাস্তায় নেমে প্রতিবাদ ও বিক্ষোভ করছেন। এ ধরনের একজন জনবান্ধব ও জনপ্রিয় ডিসিকে হঠাৎ করে প্রত্যাহার করা কোনোভাবেই কাম্য নয়। এতে একদিকে তার সম্মান ক্ষুন্ন হয়েছে, অপরদিকে ভালো কাজে প্রতিবন্ধকতার সৃষ্টি করা হচ্ছে।

তিনি বলেন, অতীতে দলীয় বিবেচনায় ডিসি পোস্টিং দেয়া হতো, এখনো তা দেখতে পাচ্ছি। জুলাই গণঅভ্যুত্থানের পর জাতি পরিবর্তনের প্রত্যাশা করেছিলো। কিন্তু সরকার মেধা ও দক্ষতার বিপরীতে গিয়ে অতীতের মতো দলীয় বিবেচনারই পুনরাবৃত্তি দেখে জাতি হতাশ।

সিলেটের ডিসির ক্ষেত্রেও একই ধরণের সিদ্ধান্তে সিলেটবাসী মর্মাহত হয়েছে। রাষ্ট্র ও সমাজে এর নেতিবাচক প্রভাব পড়বে। ভবিষ্যতে ডিসিরা ভালো কাজে নিরুৎসাহিত হবে। এই সিদ্ধান্ত প্রত্যাহার করে ডিসিকে পুনরায় স্বপদে বহাল রাখার দাবি জানাচ্ছি।

মহানগর সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মহানগর নায়েবে আমির হাফিজ মিফতাহুদ্দীন ও ড. নুরুল ইসলাম বাবুল, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব, জাহেদুর রহমান চৌধুরী ও মাওলানা ইসলাম উদ্দিন, নগর জামায়াত নেতা মাওলানা আব্দুল মুকিত ও অ্যাডভোকেট জামিল আহমদ রাজু প্রমুখ।