মাওলানা হাবিবুর রহমান

গণভোটের রায় বাস্তবায়নে সরকারের গড়িমসির ফলাফল ভালো হবে না

মাওলানা হাবিবুর রহমান বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ ও জ্বালানির সঙ্কট, আইনশৃঙ্খলার অবনতি মানুষকে ভয়াবহ সঙ্কটে ফেলেছে। অথচ সরকার এসব গুরুত্বপূর্ণ ইস্যুতে সিরিয়াস নয়, বরং দলীয় অ্যাজেন্ডায় অগুরুত্বপূর্ণ কর্মসূচিতে ব্যস্ত।

সিলেট ব্যুরো

Location :

Sylhet
১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত গণমিছিল
১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত গণমিছিল |নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমান বলেছেন, গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হলেও সরকার একটি রায় মানছে, অন্যটি উপেক্ষা করছে। জনতার রায়ের প্রতি সরকারের এই অবজ্ঞা চরম দৃষ্টতা।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘গণভোটের রায় বাস্তবায়নে সরকারের গড়িমসি ফলপ্রসূ হবে না, অতীতে জনরায় প্রত্যাখ্যানের ফল কখনো ভালো হয়নি।’

রোববার (৩ মে) বিকেলে নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্টে ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত গণমিছিল পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা হাবিবুর রহমান বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ ও জ্বালানির সঙ্কট, আইনশৃঙ্খলার অবনতি মানুষকে ভয়াবহ সঙ্কটে ফেলেছে। অথচ সরকার এসব গুরুত্বপূর্ণ ইস্যুতে সিরিয়াস নয়, বরং দলীয় অ্যাজেন্ডায় অগুরুত্বপূর্ণ কর্মসূচিতে ব্যস্ত।

তিনি সরকারের প্রতি আহ্বান জানান, জনদুর্ভোগ লাঘবে এখনই কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

বিক্ষোভ সমাবেশ শেষে এক গণমিছিল বন্দরবাজার কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আম্বরখানা পয়েন্টে গিয়ে সমাপ্ত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন মাওলানা হাবিবুর রহমান এবং যৌথভাবে পরিচালনা করেন জেলা জামায়াত সেক্রেটারি জয়নাল আবেদীন ও সহকারী সেক্রেটারি মাওলানা মাসুক আহমদ।

সমাবেশে বক্তব্য রাখেন ১১ দলীয় ঐক্যের নেতা ও খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা ইকবাল হোসাইন, জাতীয় নাগরিক পার্টির জেলা আহ্বায়ক জুনায়েদ আহমদ, লেবার পার্টির জেলা সাধারণ সম্পাদক দেওয়ান মতিউর রহমান খান, জাগপার জেলা আহ্বায়ক রাসেল আহমদ, ইসলামী ছাত্রশিবিরের জেলা পশ্চিম সভাপতি আবু যোবায়ের প্রমুখ।

এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাগপার মহানগর সভাপতি শাহজাহান আহমদ লিটন, এনসিপি জেলা সদস্য সচিব প্রকৌশলী কামরুল হাসান আরিফ, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য হাফিজ মাওলানা আনওয়ার হোসাইন খান, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ নজরুল ইসলাম এবং ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন।