সৈয়দপুরে হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, নেয়া হচ্ছে ঢাকায়

শনিবার (১১ এপ্রিল) দুপুর পৌনে ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আব্দুর গফুর সরকার।

Location :

Saidpur
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুকে হাসপাতালে নেয়া হচ্ছে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুকে হাসপাতালে নেয়া হচ্ছে |নয়া দিগন্ত

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা

ঢাকা থেকে নিজ জেলা লালমনিরহাটে যাওয়ার পথে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেয়া হচ্ছে।

শনিবার (১১ এপ্রিল) দুপুর পৌনে ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আব্দুর গফুর সরকার।

জানা যায়, লালমনিরহাটে দুই দিনের সফরে যাওয়ার উদ্দেশ্যে সকালে ঢাকা থেকে বিমানে সৈয়দপুরে পৌঁছান মন্ত্রী। বিমানবন্দরের রেস্টরুমে অবস্থানকালে নেতাকর্মীদের সাথে কথা বলার সময় হঠাৎ মাথা ঘোরা ও অস্বস্তি অনুভব করেন তিনি। তাৎক্ষণিকভাবে তাকে সৈয়দপুর সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেয়া হয়। সেখানে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।

পরবর্তীতে তাকে দুপুর ১২টা ১০ মিনিটের ফ্লাইটে ঢাকায় পাঠানোর উদ্যোগ নেয়া হলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তা সম্ভব হয়নি। পরিস্থিতি বিবেচনায় দ্রুত এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্ত নেয়া হয়।

এদিকে, ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্স ইতোমধ্যেই সৈয়দপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে। পৌঁছানোর পর মন্ত্রীকে তাতে করে রাজধানীতে নেয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।