চুয়াডাঙ্গায় কালবৈশাখীর আঘাত

তিনতলা থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু, গাছ ভেঙে সড়কে

নিহতের পরিবার জানায়, সন্ধ্যার পর ঝড় শুরু হলে বাড়ির তিনতলার ছাদ থেকে টিন নামানোর কাজ করছিলেন তিনি। এ সময় হঠাৎ প্রবল বাতাসে পা পিছলে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

Location :

Chuadanga
চুয়াডাঙ্গায় ঝড়ে গাছ ভেঙে পড়ে বিভিন্ন সড়কে যান চলাচল ব্যাহত হয়
চুয়াডাঙ্গায় ঝড়ে গাছ ভেঙে পড়ে বিভিন্ন সড়কে যান চলাচল ব্যাহত হয় |নয়া দিগন্ত

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় কালবৈশাখী ঝড়ের সময় তিনতলা থেকে পড়ে মকলেছুর রহমান (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। একই সাথে ঝড়ের দাপটে জেলার বিভিন্ন স্থানে গাছ ভেঙে পড়ে সড়কে যান চলাচল ব্যাহত হয়েছে। ফসলেরও ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাত পৌনে ৮ থেকে সোয়া ৯টা পর্যন্ত জেলার ওপর দিয়ে ঝড়ো হাওয়া ও বৃষ্টি বয়ে যায়। এ সময় প্রবল বাতাসে ভারসাম্য হারিয়ে তিনতলা থেকে নিচে পড়ে যান মকলেছুর রহমান। তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের দৌলতদিয়াড় গ্রামের সরদারপাড়ার মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে।

নিহতের পরিবার জানায়, সন্ধ্যার পর ঝড় শুরু হলে বাড়ির তিনতলার ছাদ থেকে টিন নামানোর কাজ করছিলেন তিনি। এ সময় হঠাৎ প্রবল বাতাসে পা পিছলে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে ঝড়ের কারণে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের ডিঙ্গেদহ ও বিজিবি ক্যাম্প এলাকায় সড়কের পাশের বেশ কয়েকটি গাছ ভেঙে পড়ে। এতে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় গাছ অপসারণের কাজ শুরু করেন।

এছাড়া চুয়াডাঙ্গা-জীবননগর ও চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কসহ জেলার বিভিন্ন এলাকায় গাছপালা ভেঙে পড়ার খবর পাওয়া গেছে। বিভিন্ন এলাকায় ফসলের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হলেও প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা সম্ভব হয়নি।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, রাত ৭টা ৫৫ মিনিট থেকে ৯টা ৫ মিনিট পর্যন্ত জেলায় ২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ সময় ঘণ্টায় সর্বোচ্চ ২০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হয়।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, তিনতলা থেকে পড়ে এক বৃদ্ধের মৃত্যুর ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্তে পুলিশের একটি দল কাজ করছে।