শ্রীনগর মার্কেটে আগুন, পুড়ে গেছে ১০ দোকান

শ্রীনগর ফায়ার স্টেশনের দু’টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

আব্দুস সালাম, মুন্সীগঞ্জ

Location :

Munshiganj
বাজারে আগুন
বাজারে আগুন |নয়া দিগন্ত

মুন্সীগঞ্জের শ্রীনগরের টিনশেড মার্কেটে আগুন লেগে পুড়ে গেছে ১০টি দোকান।

রোববার (২৪ মে) ভোরে উপজেলার আটপাড়া এলাকায় কোল্ড স্টোরেজের সামনে ছনবাড়ী-মুন্সীগঞ্জ সড়কের পাশে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা হলেন আব্দুর রশিদ, রহিম, আবুল, বাবুল, জানে আলম, আলাউদ্দিন, মিন্টু, আলী আকবর, বাচ্চু ও রিপন।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, ভোর ৫টার দিকে আগুন লাগার খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দু’টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন জানান, খালের ওপর কাঠের পাটাতনের ওপর নির্মিত একচালা টিনশেড মার্কেটের দোকানগুলোতে প্রথমে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে। তবে ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক পদক্ষেপে পাশের অন্য দোকান রক্ষা করা সম্ভব হয়েছে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, আগুনে মোট ১০টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে পাঁচটি দোকান খালি ছিল এবং বাকি পাঁচটি দোকানে থাকা মালামাল সম্পূর্ণ পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত দোকানের মধ্যে রয়েছে দু’টি মুদি দোকান, দু’টি চায়ের দোকান এবং একটি সিএনজিচালিত রিকশা রাখার দোকান। এছাড়া গ্যাস সিলিন্ডার ও বস্তার স্টোরেজও আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরো জানান, আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ফায়ার সার্ভিস জানায়, বন্ধ দোকানগুলোর তালা কেটে দ্রুত শাটার খুলে দেয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে সুবিধা হয় এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।