রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় আরো চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত রামেক হাসপাতালে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৫০ জনে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা ১১টায় রামেক হাসপাতালের মুখপাত্র ডা: শঙ্কর কুমার বিশ্বাস এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত হাম উপসর্গে রামেক হাসপাতালে নতুন করে আরো চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরো ২৭ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে।’
রামেক হাসপাতালের মুখপাত্র জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে ২৪ জন রোগী। বর্তমানে হাসপাতালটিতে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে ১৩২ জন। এখন পর্যন্ত এই উপসর্গ নিয়ে রামেক হাসপাতালে মোট ভর্তি হয়েছে ৪৭৯ জন রোগী। এরমধ্যে চিকিৎসাধীন অবস্থায় মোট ৫০ শিশুর মৃত্যু হয়েছে।
তিনি বলেন, ‘মার্চের শুরু থেকে ৯ এপ্রিল পর্যন্ত এই মৃত্যু হয়েছে। এখন প্রতিদিন মৃত্যু বাড়ছে। যাদের অধিকাংশের বয়স ছয় মাসের নিচে। এক বছরের শিশু মৃত্যুর হার কম।’


