ফেনী ইউনিভার্সিটি ল মুটিং সোসাইটির স্ট্রিট লইয়ারিং প্রোগ্রাম

বক্তারা বলেন, শিক্ষার্থীদের মাঝে আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি সমাজে ন্যায়বিচার, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শাহাদাত হোসাইন, ফেনী অফিস

Location :

Feni
ফেনীতে ফুলমস-এর আইন সচেতনতা আয়োজন
ফেনীতে ফুলমস-এর আইন সচেতনতা আয়োজন |নয়া দিগন্ত

ফেনীর ছাগলনাইয়া উপজেলার চাঁদগাজী হাই স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের আইন সচেতনতা ও সামাজিক দায়িত্ববোধ বৃদ্ধির লক্ষ্যে ফেনী ইউনিভার্সিটি ল মুটিং সোসাইটি (ফুলমস) আয়োজিত ‘স্ট্রিট লইয়ারিং প্রোগ্রাম’-এর পঞ্চম সেশন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৭ মে) দিনব্যাপী আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানটিকে আরো প্রাণবন্ত ও তাৎপর্যপূর্ণ করে তোলে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী-১ আসনের এমপি মুন্সি রফিকুল আলম মজনু। তিনি শিক্ষার্থীদের মাঝে আইন সচেতনতা তৈরিতে ফুলমস-এর উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে মন্তব্য করেন এবং ভবিষ্যতে সংগঠনের ইতিবাচক কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেন।

এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহীন মিয়া। তিনি প্রথম সেশনে আইন-শৃঙ্খলা রক্ষা, সাইবার সচেতনতা ও সামাজিক দায়িত্ববোধ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

দ্বিতীয় সেশন পরিচালনা করেন ফুলমস-এর জয়েন্ট সেক্রেটারি বিবি জুলেখা, যিনি শিক্ষার্থীদের মৌলিক ও ভোক্তা অধিকার, আইনি সচেতনতা এবং দৈনন্দিন জীবনে আইনের ব্যবহারিক প্রয়োগ নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী বদরুদ্দোজা ভূঁইয়া তারেক, চাঁদগাজী কলেজের সাবেক সভাপতি ফজলুল করিম লিটন, গভর্নিং বডির অভিভাবক সদস্য আনোয়ার হোসেন ফরায়েজী, অধ্যক্ষ তাহেরা বেগম, সিনিয়র শিক্ষক নুরুল আলম চৌধুরী, সাংবাদিক মোহাম্মদ শেখ কামাল, নিজাম উদ্দিন মজুমদার সজিব ও পিনু শিকদার।

ফুলমস-এর ফাইন্যান্স সেক্রেটারি সানজিদা জান্নাত সায়িমার সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াত, গীতা পাঠ ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে সাধারণ সম্পাদক কাজী মহিবুল হক সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের মাঝে আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি সমাজে ন্যায়বিচার, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানের শেষে আলোচ্য বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।