মুন্সীগঞ্জে যুবকের ২ পায়ের রগ কাটার অভিযোগ

ভুক্তভোগী আলমগীর শহরের পশ্চিম দেওভোগ এলাকার আশেক মন্ডলের ছেলে এবং পেশায় রাজমিস্ত্রি।

আব্দুস সালাম, মুন্সীগঞ্জ

Location :

Munshiganj
আহত আলমগীর মন্ডল
আহত আলমগীর মন্ডল |নয়া দিগন্ত

মুন্সীগঞ্জ শহরে পূর্ব বিরোধের জেরে আলমগীর মন্ডল (৩৫) নামে এক যুবককে গাছের সাথে বেঁধে দুই পায়ের রগ কাটা ও মাথায় আঘাত করার অভিযোগ উঠেছে চিহ্নিত মাদককারবারি বাবু মিজি ও তার সহযোগীদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের রঞ্চপাড়ুল পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী আলমগীর শহরের পশ্চিম দেওভোগ এলাকার আশেক মন্ডলের ছেলে এবং পেশায় রাজমিস্ত্রি।

অভিযুক্ত বাবু মিজি শহরের বৈখর এলাকার মরহুম অফিজ উদ্দিনের ছেলে।

আহতের ভাই লালন মন্ডল জানান, এর আগেও বৈখর এলাকার চিহ্নিত মাদককারবারি বাবু মিজি তার ভাইকে কুপিয়ে আহত করেছিল। ওই ঘটনায় একটি মামলা বিচারাধীন রয়েছে। সেই মামলার জেরে সন্ধ্যায় আলমগীরকে একা পেয়ে রঞ্চপাড়ুল পাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় তুলে নিয়ে যাওয়া হয়। পরে একটি গাছের সাথে বেঁধে মারধরের পাশাপাশি দুই পায়ের রগ কেটে দেয়া হয় এবং মাথায় আঘাত করা হয়।

আলমগীরের দাবি, বাবুর নেতৃত্বে চার থেকে পাঁচজনের একটি দল তাকে ধরে নিয়ে যায়। পরে চাইনিজ কুড়াল দিয়ে তার দুই পায়ের রগ কেটে দেয়।

তিনি আরো দাবি করেন, অভিযুক্ত বাবু জোড়া খুনসহ একাধিক মামলার আসামি।

গুরুতর আহত অবস্থায় আলমগীরকে প্রথমে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা: রাগিব এহসান জানান, ধারালো অস্ত্রের আঘাতে আহতের দুই পায়ের রগ কেটে যাওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাবুর বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এর আগে অস্ত্র ও বিষ্ফোরক দ্রব্যসহ তাকে আটক করে পুলিশ।

এছাড়া মুন্সীগঞ্জে মাদককেন্দ্রীক অপরাধ, হামলা ও সহিংসতার ঘটনায় একাধিক মামলা বিচারাধীন রয়েছে বলে আদালত ও আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা গেছে।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মমিনুল ইসলাম বলেন, ‘ঘটনাটি সম্পর্কে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’